কেজরিওয়াল-বেদির লড়াই হবে হাড্ডাহাড্ডি

দিল্লির মুখ্যমন্ত্রী পদ দখলে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিরণ বেদির হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এবিপি নিউজ-নিলসেন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফলে দেখা গেছে, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকে দেখতে চান ৪৭ শতাংশ উত্তরদাতা। বেদিকে দেখতে চান ৪৪ শতাংশ উত্তরদাতা।
জরিপে অংশ নেওয়া নারী উত্তরদাতাদের মধ্যে কেজরিওয়াল বেশি জনপ্রিয়। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে পছন্দ ৫০ শতাংশের। বেদিকে পছন্দ ৪১ দশমিক ৪ শতাংশের।
৪৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, বেদির উচিত ছিল এএপিতে যোগ দেওয়া। ২৩ শতাংশ মনে করেন, বেদি কোন দলে যোগ দিলেন, তাঁদের কাছে এটা কোনো বিষয় নয়। ৩৩ শতাংশ মনে করেন, বিজেপিতে যোগ দিয়ে সঠিক কাজ করেছেন বেদি।
৭০ আসনের দিল্লি বিধানসভার নির্বাচন হবে ৭ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে দল ভারী করতে ভারতের পুলিশের প্রথম নারী আইপিএস কিরণ বেদিকে বিজেপি দলে টেনেছে তিন দিন আগে। তাঁরই পাশাপাশি বিজেপিতে এসেছেন আম আদমি পার্টির (এএপি) নেত্রী সাজিয়া ইলমি ও এএপি থেকে বিতাড়িত দিল্লির বিধায়ক বিনোদকুমার বিন্নিও। গতকাল সোমবার কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণা তীর্থকে দলে টেনে বিজেপি চমক দিয়েছে।
গতকাল সোমবার রাতে সর্বশেষ খবরে জানা গেছে, কিরণ বেদি দিল্লির কৃষ্ণনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, দিল্লি বিধানসভায় জিতলে কিরণ বেদিই মুখ্যমন্ত্রী হবেন। দলের সভাপতি অমিত শাহ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।