কেজরিওয়ালকে এএপি থেকে সরানোর ষড়যন্ত্র!

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) আগামী বুধবার বৈঠকে বসছে। কিন্তু এর মধ্যেই দলটিতে বড় ধরনের বিভক্তির আশঙ্কা দেখা দিয়েছে।
আজ সোমবার এনডিটিভির খবরে জানানো হয়, দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত কমিটির সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষাণকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। তাঁরা দলীয় কর্মকাণ্ড এবং কেজরিওয়ালের সমালোচনা করেছেন। একটি গোপন সূত্রে এ খবর ফাঁস হয়েছে। একই সঙ্গে গোপনে ফোন রেকর্ডে ভূষাণের এএপি–বিরোধী অবস্থান প্রকাশিত হয়েছে।
প্রথমবারের মতো নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বিভক্তির কথা স্বীকার করে দলটির এক মুখপাত্র জানান, ‘কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’ কারও নাম উল্লেখ না করে এএপির সঞ্জয় সিং বলেন, ‘কিছু লোক আমাদের দল নিয়ে ঠাট্টা মশকরা করছে। শীর্ষ নেতারা কেজরিওয়ালকে টার্গেট করলে এএপি কীভাবে কাজ করবে, তা নিয়ে জাতীয় নির্বাহী কমিটিতে
আলোচনা হবে।’