কেজরিওয়ালের বিরুদ্ধে আরেক কিরণ

মুখ্যমন্ত্রী পদে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে নয়াদিল্লি আসন থেকে লড়াই করছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কিরণ ওয়ালিয়া। তাঁর আরও একজন প্রতিদ্বন্দ্বী হলেন ভারতীয় জনতা পার্টির কিরণ বেদি। সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে দুই কিরণের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বিতর্ক চলছেই। এ ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেছেন কিরণ ওয়ালিয়া। এনডিটিভি অনলাইনে তাঁর সেই বক্তব্য প্রকাশ করা হয়েছে। এখানে তার উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হলো।
বরাবরের আসন মালভিয়া নগরের বদলে নয়াদিল্লি থেকে কেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন-এই প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ ওয়ালিয়াকে। যাঁরা প্রশ্ন করেন, তাঁরা আবার নিজেরাই এর বিভিন্ন উত্তরও তৈরি করে ফেলেন। যেমন-দলের সিদ্ধান্ত কিরণ ওয়ালিয়া প্রত্যাখ্যান করতে পারেননি। সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ঘাঁটি হিসেবে এই আসন কিরণ ওয়ালিয়ার জন্য সহজ। অনেকে বলেন, আম আদমি পার্টির মধ্যবিত্ত ভোটাররা এতে কিরণ ওয়ালিয়ার দিকে ঝুঁকতে পারেন। কিরণ ওয়ালিয়ার ভাষ্য, তিনি কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। কেজরিওয়ালের অস্থির রাজনীতি থেকে দেশকে বাঁচাতে চান তিনি। ২০১৪ সালের নির্বাচনে আম আদমি পার্টির জয় ও পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালের পদত্যাগের অভিজ্ঞতা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন কিরণ ওয়ালিয়া।
রাজনীতিতে নিজের অবস্থানের কথা বলতে গিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ ওয়ালিয়া বলেন, ৩৫ বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথমে তিনি ছিলেন দিল্লির বিশ্ববিদ্যালয়ের একজন রাজনৈতিক কর্মী, পরে একজন আইনপ্রণেতা এবং এর পরও দিল্লি সরকারের মন্ত্রী। রাজনীতিতে আইন ও সংবিধান মেনেই পা ফেলেছেন কিরণ ওয়ালিয়া। কিন্তু কেজরিওয়াল প্রচলিত আইন ও সংবিধান উপেক্ষা করেছেন। প্রচলিত রাজনীতিকেও বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। আর এখানেই তিনি সাংঘাতিক ভুল করে বসেছেন।
কিরণ ওয়ালিয়ার মতে, আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল নাগরিকদের কাছে বারবার রাজনৈতিক নেতাদের দুর্নীতির কথা তুলে ধরেছেন। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তালিকা তুলে ধরেছেন। এতে জনগণের কাছে তাঁরা অপরাধী হিসেবে পরিণত হয়েছেন। জনগণ অনেকটাই দিগভ্রান্ত হয়েছেন। কিরণ ওয়ালিয়া বলেন, দিল্লির একটি শক্ত নেতৃত্ব প্রয়োজন ছিল। ২০১৪ সালের জানুয়ারি মাসে এএপির হাতে এই সুযোগ আসে। ওই সময় আম আদমি পার্টি জনগণকে দেওয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারত। কিন্তু তারা এর কোনোটাই পূরণ করতে পারেনি। উল্টো দায়িত্ব থেকে সরে গেছে।
আবেগের কারণে কেজরিওয়াল যদি আবার নির্বাচনে জিতে যান, তাহলে এএপির বিশৃঙ্খল রাজনীতিতে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন কিরণ। তিনি বলেন, অনেক দিনের পর্যবেক্ষণ থেকে তিনি জেনেছেন, দেশে বাকস্বাধীনতা প্রকাশের কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, রাজনীতিবিদেরা বিরোধী পক্ষের উদ্দেশে যেসব বক্তব্য দেন, তা খুবই নৈতিকতাবিবর্জিত। দিল্লির এ রকম খ্যাপাটে রাজনীতির প্রয়োজন আছে কি না, এ প্রশ্ন তোলেন কিরণ ওয়ালিয়া। তিনি বলেন, দুর্নীতির অভিযোগের ভয়ে কেউ কি কোনো ভালো কাজ করতে পারবেন না? তিনি প্রশ্ন তোলেন, সব রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যুরোক্রেট, গণমাধ্যম, বিচারকেরা আদৌ কেজরিওয়াল যতটা বলেন, ততটা দুর্নীতিগ্রস্ত কিনা? তিনি বলেন, ভারতের রাজধানী নয়াদিল্লিতে মমতা ব্যানার্জির মডেলের শাসন দরকার নেই। দিল্লির দরকার সুশাসন। যারা রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে বেড়ায়, দিল্লিতে তাদের শাসনের দরকার নেই। আর এ কারণেই কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছেন কিরণ ওয়ালিয়া।