কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী জয়াপ্রদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে ভিড়ছেন একের পর তারকা। গত বছরের মে মাসে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তারকা শিল্পী। কলকাতার গায়ক বাপ্পী লাহিড়ী, কুমার শানু, অভিনেত্রী রূপা গাঙ্গুলী যোগ দিয়েছেন বিজেপিতে। এবার গুঞ্জন, দলটিতে যোগ দিতে যাচ্ছেন সমাজবাদী পার্টির সাবেক নেত্রী ও রাজ্যসভার সদস্য অভিনেত্রী জয়াপ্রদা। 

আজ ভারতের হায়দরাবাদে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াপ্রদা বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
অনেক দিন যে দলের সঙ্গে ছিলেন সেই সমাজবাদী পার্টি সম্পর্কে জয়াপ্রদার মূল্যায়ন, ‘তারা নারীদের সম্মান করে না।’
নরেন্দ্র মোদি সম্পর্কে বলেন, ‘আমি নরেন্দ্র মোদির গুণমুগ্ধ এবং বিজেপিতে যোগ দিতে যাচ্ছি। সমাজবাদী পার্টির মুলায়ম সিংয়ের চেয়ে প্রধানমন্ত্রী মোদি অন্য রকম।’
৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন। কয়েকটি সূত্রের খবর, সেই নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন।
এদিকে, বিজেপিতে যোগ দিচ্ছেন সাবেক আইপিএস অফিসার কিরন বেদি।
১৯৯৪ সালে এন টি রামা রাওয়ের টিডিপি দলে যোগ দেন জয়াপ্রদা। এর দুবছর পর যোগ দেন সমাজবাদী পার্টিতে। রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে রামপুর লোকসভা কেন্দ্র থেকে জেতেন সমাজবাদী পার্টির হয়ে। দলবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত হন এই বলিউড অভিনেত্রী। গত বছর লোকসভা নির্বাচনে অজিত সিংয়ের আরএলডি পার্টিতে যোগ দিয়ে বিজনোর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।