কেজরিওয়াল অনুতপ্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও মানসিক বিকারগ্রস্ত’ বলার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোটেই অনুতপ্ত নন। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে গতকাল মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে কেজরিওয়াল এই কথা বলেছেন।
দিল্লি রাজ্য সরকারের প্রধান সচিব রাজেন্দ্র কুমারের অফিসে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) হানা দেওয়ার পর প্রধানমন্ত্রীকে কেজরিওয়াল ‘কাপুরুষ ও মানসিক বিকারগ্রস্ত’ বলেছিলেন। এই বিশেষণের জন্য অনুতপ্ত না হয়ে এই সাক্ষাৎকারে কেজরিওয়াল বরং বলেন, ‘আমার মোটেই কোনো দুঃখবোধ নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমি শালীন ভাষা ব্যবহার করিনি। কুভাষা বলেছি। কিন্তু যা বলেছি তা মন থেকেই বলেছি।’ কেজরিওয়াল তীব্রভাবে বলেন, ‘প্রধানমন্ত্রী খুব সুন্দর সুন্দর কথা বলেন ঠিকই, কিন্তু ওঁর কাজকর্ম মোটেই ভালো নয়।’
সিবিআই হানা নিয়ে কেজরিওয়ালের রাগ যে কমেনি, সাক্ষাৎকারে তার প্রমাণও পাওয়া গেছে। তাঁকে চাপে রাখাই যে এই হানার অন্যতম লক্ষ্য, সে কথা বলে কেজরিওয়াল বলেন, সিবিআইয়ের ভয়ে তিনি মোটেই ভীত নন। যেকোনো ধরনের তদন্তে তিনি প্রস্তুত।
প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে কেজরিওয়াল বলেন, ‘আমরা ঝগড়া চাই না। আপনি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন অথচ আমাকে কাজ করতে দেবেন না! এটা কী রকম?’
সিবিআইয়ের সেই তল্লাশির সময় থেকেই দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) দুর্নীতির অভিযোগ আলোচনার শীর্ষে উঠে আসে। সেই সঙ্গে উঠে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নাম, যিনি দীর্ঘ ১৩ বছর এই সংস্থার সভাপতি ছিলেন। এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, জেটলিকে বহুবার এই নিয়ে বলা হয়েছে। উনি গা করেননি। অথচ আমরা যেই বললাম, উনি মামলা ঠুকে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা যেন সেই নো ওয়ান কিলড জেসিকা চলচ্চিত্রটির মতো। দুর্নীতি ছিল ব্যাপক কিন্তু সেসব ভূতের করা।’
ডিডিসিএর দুর্নীতির তদন্ত করতে কেজরিওয়াল এক সদস্যের কমিশন নিযুক্ত করেছেন। সাবেক সলিসিটার জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমের ওপরই বর্তেছে সেই দায়িত্ব। কিন্তু এই নিযুক্তি নিয়েও শুরু হয়েছে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব। দিল্লির উপরাজ্যপাল নাজিব জং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছেন, ডিডিসিএর দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা দিল্লি সরকারের নেই। এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। গোপাল সুব্রহ্মণ্যম চিঠি লিখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালকে। সাংবাদিকদের বলেছেন, তিনি সিবিআই, গোয়েন্দা বিভাগ ও দিল্লি পুলিশের দক্ষ অফিসারদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গড়ে তদন্ত শুরু করতে চান। কে কতটা দক্ষ অফিসার অজিত দোভালের তা জানা। তাই তাঁর কাছে নাম চাওয়া হয়েছে।
গত প্রায় এক বছরে কেন্দ্র-রাজ্য লড়াইয়ে কেজরিওয়াল একবারও জিততে পারেননি। ডিডিসিএর দুর্নীতির তদন্তের লড়াইয়েও তিনি জিততে পারবেন কি না সেটা এই মুহূর্তের বড় প্রশ্ন।