কেজরিওয়াল গৃহবন্দী, পুলিশ বলছে ‘না’
ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) দাবি করেছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। গতকাল সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন কেজরিওয়াল।
এএপি টুইট করে বলেছে, কৃষক আন্দোলনে সমর্থনের পর থেকে কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে দিল্লি পুলিশ। কাউকেই তাঁর বাড়িতে প্রবেশ করতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ তা অস্বীকার করেছে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টানা ১২ দিন ধরে ভারতের কৃষক সংগঠনগুলো কেন্দ্র সরকারের আনা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। দিল্লি সরকারের তরফ থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু যান কেজরিওয়াল।
ভারতের ‘নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে ভারত বন্ধের ডাক দেয় কৃষক সংগঠনগুলো৷ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল৷ কৃষক আন্দোনলকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। ৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ্ চলেছে।
কৃষক বিক্ষোভের জেরে দিল্লিতে প্রবেশের সব ট্রাফিক চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে এসব দিকে না যাওয়ার জন্য বলা হয়েছে। অবরোধের জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে৷
সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষক সংগঠনগুলো। প্রয়োজনে তারা দিনের পর দিন আন্দোলন করার জন্য সঙ্গে প্রয়োজনীয় খাবার নিয়ে এসেছে।
সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশনে প্রায় বিনা আলোচনায় পাস করা হয় কৃষিসংক্রান্ত তিনটি বিতর্কিত বিল। সেই থেকে রাজ্যে রাজ্যে কৃষক অসন্তোষের জন্ম।
কৃষক আন্দোলন সবচেয়ে বেশি সাড়া ফেলে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে। আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় রেল ও সড়ক অবরোধ। এতেও কাজ না হওয়ায় সারা দেশের অধিকাংশ কৃষক সংগঠন ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। কৃষক বিক্ষোভের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লি কার্যত অবরুদ্ধ।