কেজরিওয়াল প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের নিন্দা করেছেন সমাজকর্মী আন্না হাজারে। দুর্নীতিবিরোধী লড়াইয়ে কেজরিওয়ালের একসময়ের এ সহযোগী অভিযোগ করে বলেন, কেজরিওয়াল তাঁর প্রতিশ্রুতি রাখেননি।

আম আদমি পার্টির (এএপি) ওয়েবসাইট থেকে দলটির চাঁদাদাতাদের তালিকা ‘মুছে ফেলার’ সমালোচনা করে আন্না হাজারে অন্যান্য দলের সঙ্গে এএপির পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, এএপির কয়েকজন কর্মী লিখিতভাবে এ বিষয়ে তাঁর মনোযোগ আকর্ষণ করেছেন।

এএপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে লেখা এক চিঠিতে আন্না হাজারে বলেন, ‘আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এএপি তার গ্রহণ করা চাঁদার বিস্তারিত নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। কিন্তু আমি যে চিঠি পেয়েছি তাতে কর্মীরা লিখেছেন, ২০১৬ সালের জুন থেকে এএপির ওয়েবসাইট থেকে চাঁদাদাতাদের তালিকা মুছে ফেলা হয়েছে।’

আন্না আরও অভিযোগ করেন, এএপির নেতা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পরিবর্তন আনার বদলে ক্ষমতা ও অর্থকে প্রাধান্য দিচ্ছেন। কেজরিওয়ালের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি দুঃখিত, আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি।’

এ সমালোচনার প্রতিক্রিয়ায় এএপির কোষাধ্যক্ষ রাঘব চাঢা বলেন, আন্না হাজারে কংগ্রেস নেতাদের মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এএপির চাঁদাদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। দলের অর্থায়ন নিয়ে স্বচ্ছতা প্রশ্নে বিজেপি ও কংগ্রেসের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এএপি নেতা রাঘব চাঢা বলেন, তাঁর দলের অর্থায়ন বিষয়ে ৯২ শতাংশই স্বচ্ছ। এ অর্থ আসে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ড এবং চেকের মাধ্যমে।