কেজরিওয়ালের ঘুষ নেওয়ার সাক্ষী বহিষ্কৃত মন্ত্রী!
ভারতের দিল্লি রাজ্যের আম আদমি (এএপি) সরকারের বহিষ্কৃত পানিমন্ত্রী কপিল মিশ্র বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের দুই কোটি রুপি ঘুষ নেওয়ার সাক্ষী তিনি। কপিল আজ দাবি করেছেন, দলীয় প্রধান কেজরিওয়ালকে ঘুষ দিয়েছিলেন তাঁরই দলের সত্যেন্দ্র জৈন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কপিল আরও বলেন, দিল্লির দুর্নীতি দমন ব্যুরোকে তিনি তাৎক্ষণিকভাবে এই লেনদেনের খবর জানিয়েছিলেন। গতকাল শনিবার অরবিন্দ কেজরিওয়ালকে এ খবর নিজেই জানিয়ে দিয়েছেন তিনি। এ সময় নিজের বরখাস্ত হওয়ার কারণ সম্পর্কেও জানতে চান কপিল।
রাজঘাটে এক সংবাদ সম্মেলনে কপিল আজ রোববার বলেছেন, নিজের বাড়িতেই ঘুষ নেন অরবিন্দ। তিনি বলেন, ‘গত শুক্রবার কেজরিওয়ালকে নগদ অর্থ দেয় সত্যেন্দ্র। তখন আমি এর কারণ জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কেজরিওয়াল এর কোনো উত্তর দেননি। উল্টো তিনি বলেন, রাজনীতিতে এমন অনেক কিছু হয়, যা নিয়ে পরে কথা বলতে হয়।’
এ সময় নিজেকে সৎ বলে দাবি করে কপিল বলেন, ঘুষ নেওয়ার ঘটনা নিজের চোখে দেখার পর দুর্নীতি দমন ব্যুরোকে জানাতে বাধ্য হয়েছেন তিনি। এ সময় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন তিনি।
কপিল মিশ্রর এই সংবাদ সম্মেলনের পর এএপির নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, এমন অভিযোগ পুরোপুরি ‘অযৌক্তিক’ এবং এর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ সময় মনীশ আরও বলেন, পানির সরবরাহ ও দাম আদায়ের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগে কপিলকে বরখাস্ত করা হয়েছে।