কেজরিওয়ালের তোপে এবার অরুণ জেটলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লি সরকারের সচিবালয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইয়ের হানা নিয়ে তৈরি বিতর্কে নতুন মাত্রা জুড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি গতকাল বুধবার বললেন, তাঁর প্রধান সচিবের দপ্তরে সিবিআই হানার আসল কারণ, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) দুর্নীতির ফাইল ঘেঁটে দেখা। কারণ, সেই দুর্নীতির সঙ্গে জড়িত সংস্থার সাবেক সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
কেজরিওয়াল বলেন, প্রধান সচিব রাজেন্দ্র কুমারের অফিসে তল্লাশি চালানোর যে কারণ সিবিআই দেখিয়েছে, সেটা আসল কারণ নয়। কারণ, যে যে ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে, তার সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা যে ফাইলটি খুব খুঁটিয়ে পরীক্ষা করেন, সেটি ডিডিসিএর দুর্নীতি-সম্পর্কিত। কেজরিওয়াল টুইট করে জানান, ‘ডিডিসিএর ফাইলটা ওঁরা নিয়ে যেতে পারতেন। কিন্তু সংবাদমাধ্যমে আমার মুখ খোলার পর তাঁরা তা করেননি। বরং গত এক মাসের ফাইল চালাচালির খতিয়ানও তাঁরা দেখেন। যে বিষয়ে তদন্ত, তার সঙ্গে এগুলোর কোনো সম্পর্কই নেই।’
ডিডিসিএর সভাপতি ছিলেন অরুণ জেটলি। তিনি সভাপতি থাকার সময় এই সংস্থার বহু দুর্নীতির তদন্ত করছে রাজ্য সরকার। জেটলি অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন।