কেজরিওয়ালের নতুন অভিযোগ

সিবিআই তদন্ত বিতর্কে নতুন মাত্রা জুড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার তিনি বললেন, তাঁর প্রধান সচিবের দপ্তরে সিবিআই হানার আসল কারণ দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) দুর্নীতির ফাইল ঘেঁটে দেখা। কারণ, সেই দুর্নীতির সঙ্গে জড়িত সংস্থার সাবেক সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
কেজরিওয়ালের অভিযোগের পরেই প্রদেশ কংগ্রেসের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন সংবাদ সম্মেলন করে অরুণ জেটলির অপসারণের দাবি তুলে বলেন, ডিডিসিএর দুর্নীতির তদন্তে যুগ্ম সংসদীয় কমিটি গঠন করা হোক।
কেজরিওয়াল বলেন, প্রধান সচিব রাজেন্দ্র কুমারের অফিসে তল্লাশি চালানোর যে কারণ সিবিআই দেখিয়েছে, সেটা আসল কারণ নয়। কারণ, যে যে ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে, তার সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তার যে ফাইলটি খুব খুঁটিয়ে পরীক্ষা করে সেটি ডিডিসিএর দুর্নীতি সম্পর্কিত। কেজরিওয়াল টুইট করে বলেন, ‘ডিডিসিএর ফাইলটা ওঁরা নিয়ে যেতে পারতেন। কিন্তু সংবাদমাধ্যমে আমার মুখ খোলার পর তাঁরা তা করেননি। বরং গত এক মাসের ফাইল চালাচালির খতিয়ানও তাঁরা দেখেন। যে বিষয়ে তদন্ত, তার সঙ্গে এগুলোর কোনো সম্পর্কই নেই।’
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি ছিলেন অরুণ জেটলি। তাঁর সময়কালে এই সংস্থার বহু দুর্নীতির তদন্ত রাজ্য সরকার করছে। জেটলি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি বলেন, এই বাজে অভিযোগের কোনো জবাব হয় না। এমনিতে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ। কিন্তু সিবিআই হানার পর বিজেপি বিরোধিতায় কংগ্রেস মুখর।