কেজরিওয়ালের বিদ্যুৎ বিল ৯১ হাজার রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সিভিল লাইনসের বাসভবনে গত দুই মাসে বিদ্যুৎ বিল এসেছে ৯১ হাজার রুপি। তথ্য অধিকার আইনে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, দিল্লির উত্তরাঞ্চলীয় আবাসিক এলাকা সিভিল লাইনসে তাঁর বাসভবনে গত এপ্রিল ও মে মাসে এই বিল আসে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
বিবেক গার্গ নামের একজন আইনজীবী এবং একজন তথ্য অধিকার কর্মী কেজরিওয়ালের বাড়ির বিদ্যুৎ বিল জানতে চেয়ে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে দিল্লির রাজ্য সরকারের প্রশাসন বিভাগ বিদ্যুৎ বিলের একটি কপি দেয়।
তবে দিল্লি সরকার আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, মুখ্যমন্ত্রীর মাসিক বিদ্যুৎ বিল আসে ১৫ হাজার রুপির মতো। যা গণমাধ্যমে আসা বিলে তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
ওই বিবৃতিতে বলা হয়, সিভিল লাইনসের ওই বাসভবনটি দুটি ইউনিটে বিভক্ত। সেখানে বিদ্যুৎ সংযোগও আলাদা। একটি ইউনিটে মুখ্যমন্ত্রীর মূল বাসভবন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এখানে থাকছেন। এরপর মার্চে বিল এসেছে ১৭ হাজার রুপি। এপ্রিলে ৭ হাজার ৩৭০ ও মে মাসে ২২ হাজার ৬৯০ রুপি বিল এসেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, বাড়ির একটি অংশ দাপ্তরিক কাজে এবং জনগণের সঙ্গে বৈঠকের জন্য রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বাড়ির এই অংশে গত মার্চে বিল এসেছে ১৫ হাজার ১৭৫ রুপি, এপ্রিলে ৪৮ হাজার ৬৩০ রুপি এবং মে মাসের বিল এখনো পরিশোধের অপেক্ষায় আছে।’

তবে দিল্লির বিজেপি দাবি করেছে, ইতিমধ্যে এ বিল এক লাখ রুপি ছাড়িয়ে গেছে। তারা জানায়, আম আদমি পার্টির সব মন্ত্রীদের বিদ্যুৎ বিলের খোঁজ নেওয়া হবে।

দিল্লিতে বিজেপির মুখপাত্র প্রবীণ কাপুর বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাসভবনে বিদ্যুতের দুটি মিটার রয়েছে। এর মধ্যে সর্বশেষ একটি মিটারের বিল উঠেছে ৫৫ হাজার রুপি ও অন্যটিতে ৪৮ হাজার রুপি।’

এ বিষয়ে জানতে চাইলে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে কথা বলার আগে সরকার তা তদন্ত করে দেখবে।

এ বাড়িতে ওঠার আগে কেজরিওয়াল ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের এই বাসভবনের সব শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন।