কেজরিওয়ালের বিরুদ্ধে আবার মামলা জেটলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আরও ১০ কোটি টাকার মানহানির মামলা ক​রলেন কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। দিল্লি হাইকোর্টে আগামীকাল মঙ্গলবার এই দ্বিতীয় মামলার শুনানি হবে।

কেজরিওয়াল ও আম আদমি পার্টির আরও পাঁচ নেতার বিরুদ্ধে জেটলি আগেই একটি মানহানির মামলা রুজু করেছেন। হাইকোর্টে তার শুনানি চলছে। সেই শুনানির সময় গত সপ্তাহে কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি কেন্দ্রীয় মন্ত্রীকে ‘বদমাশ’ (ইংরেজিতে ‘ক্রুক’) বলেন। আপত্তিকর এই বিশেষণটি তাঁর ব্যক্তিগত নাকি তাঁর মক্কে​ল কেজরিওয়ালের তা জানতে চাওয়া হলে জেঠমালানি বলেন, এটি তাঁর মক্কেলের মনোভাব। এর পরেই আজ সোমবার কেজরিওয়ালের বিরুদ্ধে জেটলি আরও ১০ কোটি টাকার মানহানির মামলা ঠুকে দেন।

জেটলি ছিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি। ১৩ বছর তিনি ওই পদে ছিলেন। কেজরিওয়ালের অভিযোগ, ওই পদে থাকাকালীন জেটলি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। কেজরিওয়ালের সঙ্গে দলের আরও পাঁচ নেতার বিরুদ্ধে জেটলি ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। এবার দ্বিতীয় মামলাটি শুধু কেজরিওয়ালের বিরুদ্ধে।

কেজরিওয়ালের হয়ে মামলাটি লড়ছেন প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি। তাঁর ফি দেওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রশ্ন ​ওঠে, মামলার টাকা কেন দিল্লি সরকার দেবে? এই বিতর্কের মাঝে জেঠমালানি জানিয়ে দেন, তেমন হলে তিনি বিনা পারিশ্রমিকেই মামলা লড়বেন।