কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা জেটলির

অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে টেনে নিয়ে গেলেন অরুণ জেটলি। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি থাকাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে কেজরিওয়াল দুর্নীতির যে অভিযোগ এনেছেন, মামলা তা নিয়েই।
জেটলি গতকাল পাতিয়ালা হাউস কোর্টে গিয়ে কেজরিওয়ালসহ ছয়জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির দুটি মামলা করেছেন। এর মধ্যে তিনি দেওয়ানি মামলা করেন দিল্লি হাইকোর্টে আর ফৌজদারি মামলাটি করেন পাটিয়ালা হাউস কোর্টে।
মামলা করে অরুণ বলেন, ডিডিসিএ থেকে তিনি একটি পয়সাও কখনো নেননি। কেজরিওয়াল এবং তাঁর দলের সদস্যরা অনর্থক তাঁর (জেটলি) বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে তাঁর ও পরিবারের মানহানি করেছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাড়া আর যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাঁরা হলেন কুমার বিশ্বাস, আশুতোষ, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও দীপক বাজপেয়ি। জেটলির আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে বলেন, ভিত্তিহীন অভিযোগে তাঁর মক্কেলের সুনামের মারাত্মক ক্ষতি হয়েছে।
জেটলি যখন মামলা করছেন, প্রায় একই সময় দিল্লির মন্ত্রিসভা ডিডিসিএর দুর্নীতির তদন্ত করতে এক সদস্যের কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন করে। সাবেক সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমকে এই দায়িত্ব দেওয়া হয়। ডিডিসিএর দুর্নীতি ও রাজ্য সরকারের প্রধান সচিবের অফিসে তল্লাশি নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার দিল্লি বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সব মিলিয়ে রেষারেষি চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে।
কেজরিওয়াল এবং তাঁর দলের অন্য নেতাদের অভিযোগ, জেটলিকে এতটাই ক্ষুব্ধ করেছে যে তিনি তাঁদের উকিলের চিঠি পর্যন্ত পাঠাননি। সাধারণভাবে উকিলের চিঠি পাঠিয়ে অভিযোগ প্রত্যাহারের একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু জেটলি সেই সুযোগ না দিয়ে সরাসরি মামলা ঠুকে দেন।
মামলা করার পর পরই জেটলির দল বিজেপির লোকসভা সদস্য সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ টুইট করে জেটলিকে চ্যালেঞ্জ করেন তাঁর নামেও মানহানির মামলা ঠুকতে। তিনি বলেন, ‘আমার নামে কেন মামলা নয়? আম আদমি পার্টি তো আমারই চিঠি দেখিয়েছিল। আমিই তো রেজিস্টার্ড পোস্টে তা পাঠিয়েছিলাম।’
দিল্লির ক্রিকেটকে কেন্দ্র করে জেটলির সঙ্গে কীর্তি আজাদের রেষারেষি সবার জানা। গতকাল সোমবার লোকসভাতেও কীর্তি আজাদ সরাসরি জেটলির উদ্দেশে বলেন, ‘দীর্ঘ সময় ধরে ডিডিসিএতে দুর্নীতি হয়েছে, তখন আপনিই সংস্থার সভাপতি ছিলেন।’ কংগ্রেস সদস্যদের উদ্দেশে কীর্তি বলেন, সভার অধিবেশন ভন্ডুল না করে আপনারা বরং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত করার দাবি জানান, যাতে দুর্নীতিগ্রস্ত কারা তা জানা যায়। জেটলি অবশ্য একটুও না দমে লোকসভায় কংগ্রেস নেতাদের যাবতীয় অভিযোগের জবাব দেন।