কেজরিওয়ালের ভায়রার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

দুর্নীতির বিরুদ্ধে ধুন্ধুমার লড়াই চালিয়ে পাদপ্রদীপের আলোয় এসে যিনি দিল্লির মুখ্যমন্ত্রী হলেন, আম আদমি পার্টির (এএপি) সেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হলো। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ, যার সঙ্গে এএপি দলের সম্পর্ক একেবারে তলানিতে।
কেজরিওয়ালের শ্যালিকার স্বামী সুরেন্দ্র কুমার বনসলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সরকারকে ভুয়া বিল দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। সুরেন্দ্র কুমার পেশায় একজন স্থপতি। দিল্লি রাজ্য সরকারের পূর্ত বিভাগের কাছ থেকে জাতীয় সড়কের পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ পেয়েছিলেন তিনি। একটি বেসরকারি সংস্থা অভিযোগ জানায়, সুরেন্দ্র ভুয়া বিল দিয়ে সরকারের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। সেই কাজে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্যও পেয়েছেন বলে অভিযোগ।
ওই বেসরকারি সংস্থা সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় হচ্ছে কি না তা দেখভাল করে। প্রতিষ্ঠানটি আদালতকে সুরেন্দ্র বনসলের অর্থ তছরুপের অভিযোগ সম্পর্কে জানায়। আদালত অভিযোগ তদন্ত করার দায়িত্ব দেন দিল্লি পুলিশকে। পুলিশ এখনো সুরেন্দ্রর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।
ক্ষমতায় আসার পর থেকেই কেজরিওয়ালের দিল্লি সরকারের সঙ্গে দিল্লি পুলিশের খটমটি লেগেই রয়েছে। দিল্লি পুলিশ দিল্লির নির্বাচিত সরকারের অধীনে নয়। তারা ন্যস্ত সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিকভাবে তাঁদের হেনস্তা করছে। এবার কেজরিওয়ালের ভায়রার বিরুদ্ধে এই অভিযোগের মোকাবিলা তিনি বা দিল্লি সরকার কীভাবে করে, সেটাই দেখার।