ভারতীয় নারীরা কেন রাতে ছবি পোস্ট করছেন!

ভারতের নারীরা মধ্যরাতে ঘুরে বেড়ানো আর আনন্দ-ফুর্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। দেশটির একজন রাজনীতিবিদের ‘নারীদের বেশি রাতে ঘরের বাইরে বের হওয়া উচিত নয়’ মন্তব্যর করার প্রতিবাদেই এমনটা করছেন নারীরা। বিবিসির গীতা পাণ্ডের প্রতিবেদন পাঠকের জন্য তুলে ধরা হলো।
ভারতের চণ্ডীগড়ের এক নারী ডিজে গত শুক্রবার রাতে গাড়িতে বাসায় ফিরছিলেন। তাঁর অভিযোগ এ সময় পেছন থেকে গাড়ি নিয়ে কয়েকজন ছেলে ধাওয়া করেন। ওই ছেলেদের মধ্যে একজন ছিলেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির একজন প্রথম সারির রাজনীতিবিদের ছেলে। বিকাশ বারালা নামের বিজেপি নেতার ছেলেকে গত বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে নারীকে ‘উত্ত্যক্ত, মদ খেয়ে গাড়ি চালানো এবং অপহরণের চেষ্টার’ অভিযোগ আনা হয়েছে।

ওই নারী অভিযোগ করে বলছিলেন, তাঁকে ‘গাড়ি নিয়ে পিছু পিছু ধাওয়া করে প্রায় অপহরণের’ চেষ্টা করা হয়েছে। বিপদের কথা বলে সাহায্য চাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। তাই তারা ‘ধর্ষণ ও হত্যা করে কোনো খালে আমাকে ফেলে দিতে পারেনি’। শুক্রবার রাতের ওই ঘটনা জিজে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পরই তা ছড়িয়ে পড়ে।
এদিকে শুক্রবার রাতের ওই ঘটনার জন্য হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা রামবির ভাট্টি ওই ডিজের ওপরই দোষ চাপান। সিএনএন নিউজ এইটিন চ্যানেলকে তিনি বলেন, ‘নারীদের মাঝরাতে বাইরে বের হওয়া উচিত নয়। সে এত রাতে কেন গাড়ি চালাচ্ছিল? সময়টা এখন ভালো না। আমাদের নিজেদের নিজেদেরই দেখাশোনা করতে হবে।’
এরপরই রামবির ভাট্টি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বাবা-মায়ের উচিত সন্তানদের দেখাশোনা করা। তাদের সন্তানদের রাতে ঘোরাফেরা করতে দেওয়া উচিত নয়। সন্তানদের সময় মতো ঘরে ফেরা উচিত। কেন রাতের বেলা তারা বাইরে ঘুরবে?’
ঘটনার শিকার ওই ডিজেকে ‘লজ্জা দিয়ে’ রাজনীতিবিদের এমন সব মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়েরা রাতের বেলা তাদের ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করছে #AintNoCinderalla দিয়ে। এ হ্যাশট্যাগ দিয়ে তারা বোঝাতে চাচ্ছে, ‘আমি রূপকথার সেই সিন্ডারেলা নই যে রাত ১২টা বাজার আগেই আমাকে বাসায় ফিরতে হবে।’
আর এ প্রচারণা যিনি সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি হলেন কংগ্রেসের সামাজিক যোগাযোগ সেলের প্রধান দিব্যা স্পন্দনা। দক্ষিণের কর্ণাটক রাজ্যের জনপ্রিয় অভিনেত্রী প্রশ্ন তুলে বলেন, নারীরা কেন মাঝরাতের পর বের হতে পারবেন না? রামবির ভাট্টির মতো মানুষদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, নারীদের ওপর কারফিউ জারি করার তিনি কে? আমি জানতে চাই, আমাদের দিকে প্রশ্ন তোলার তিনি কে? এটা খুবই পশ্চাদমূখী মনোভাব।
রুপালী পর্দায় রামিয়া নামের এই অভিনেত্রী সোমবার তার হোয়াটসআপে নারীদের উদ্দেশে বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, ‘‘অনেক কিছুই জানেন না এমন একজন ‘নেতা’র মুখে এমন কথা বলা সাজে না। তার মুখে এমন পশ্চাদমূখী মন্তব্য তোমরা কতবার শুনেছ? আমার উত্তর হবে, প্রায়ই। এখন তারা বলছে আমরা কখন বাড়ি থেকে বের হব অথবা বের হব না। এমন কথা বলা বন্ধ হওয়া দরকার।’’ এরপরই রাতে ঘুরে বেড়াচ্ছেন এমন ছবি টুইটারে পোস্ট করেন এবং অন্যদেরও তা করার আহ্বান জানান।

তার এই আহ্বান নারীদের মধ্যে দ্রুত সাড়া ফেলে। এ ধরনের যে কোনো ঘটনায় সব সময় নারীদের ওপর দোষ চাপানোর প্রতিবাদ জানাতে শুরু করেন নারীরা। শত শত ভারতীয় নারী ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাদের ছবি পোস্ট করতে শুরু করেন। সব রাতে ঘুরে বেড়ানোর।
প্রথম ‘মাঝরাতের সেলফি’ পোস্ট করেন ভারতের সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। ভারতে পার্লামেন্ট সদস্য শর্মিষ্ঠা লেখেন, ‘আমি রাত ১২টায় বাড়ির বাইরে তার মানে এই নয় যে আমাকে ধর্ষণের শিকার হতে হবে, নির্যাতিত বা ধাওয়ার শিকার হতে হবে। আমার সাত দিন ২৪ ঘণ্টা সম্মান পাওয়ার অধিকার আছে।’
অনেকেই এরপর নানা ধরনের প্রতিবাদী মন্তব্য পোস্ট কর করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূজা নামের একজন লেখেন: ‘প্রিয় পশ্চাৎপদ ভারত, ভুলেও ভেবো না আমাকে থামানোর অধিকার তোমার আছে।’

পালক শর্মা নামের এক সাংবাদিক তার ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি পানীয়তে চুমুক দিচ্ছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তিনি লেখেন, এই মাঝরাতে আমি বাইরে। তার এ ছবি ও বার্তাকে ‘দু:সাহসী’ মন্তব্য করে অনেকেই অভিনন্দন জানিয়েছে। পালক শর্মা বলেছেন, ‘এ জন্য গত দুদিনে আমি প্রচুর হুমকিও পেয়েছি। লোকজন আমাকে ‘পতিতা’ বলে মন্তব্যও করেছেন।’ তিনি বলেন, ‘ভাবতে পারেন, আমি একজন সাংবাদিক। সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে কাজ করা তা সত্ত্বেও আমার টুইটের জন্য হুমকি পেতে হচ্ছে। এসব আমাদের দমিয়ে রাখতে পারবে না, আমরা এদের ভয়ে গুটিয়ে যাব না। আমরা সিন্ডারেলা নই যে ১২টার আগেই আমাদের ঘরে ফিরেতে হবে।’ তথ্যসূত্র: বিবিসি।