কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া, সুপ্রিম কোর্টে কেজরিওয়াল
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়ার বিহিত করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সর্বোচ্চ আদালতের কাছে রাজ্যের আরজি, রাজ্যে প্রশাসনিক অচলাবস্থা চলছে। কেন্দ্রের অসহযোগিতায় কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্টই বিচার করুক, রাজ্য হিসেবে দিল্লির এখতিয়ার কতখানি।
দিল্লি সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কে কে বেনুগোপাল ও ইন্দিরা জয়সিং। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকে তাঁরা বলেন, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ আদালতকে ঠিক করতে হবে, দিল্লির সরকারের অধিকার কতটুকু। কারণ, অধিকারের প্রশ্ন ঘিরে কোনো কাজই করা যাচ্ছে না। প্রধান বিচারপতি আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য করেন।
দিল্লি ভারতের রাজধানী বলে এই রাজ্য কোনো দিনই পূর্ণাঙ্গ ক্ষমতা পায়নি। দিল্লির পুলিশ ও দিল্লির জমির অধিকার কেন্দ্রীয় সরকারের হাতে। পূর্ণ অধিকার নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ কোনো দিন এমন চরম হয়ে ওঠেনি যেহেতু কেন্দ্র ও রাজ্যের শাসক দল বহু বছর এক দলের হাতেই ছিল। আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় আসার পর এই বিবাদ চরমে ওঠে। রাজ্যের সরকারি কর্মীদের নিয়োগ নিয়েও কেন্দ্রের সঙ্গে তীব্র বিরোধ দেখা দেয়। রাজ্যের দুর্নীতি দমন শাখার ক্ষমতাও রাজ্য না কেন্দ্রের হাতে, বিবাদ বাঁধে তা নিয়েও। বিষয়টি বর্তমানে দিল্লি হাইকোর্টের বিবেচনাধীন।
বেনুগোপাল ও ইন্দিরা জয়সিং দ্রুত নিষ্পত্তির আরজি জানিয়ে বলেন, সংবিধানের ২৩৯ (ক) ধারার ব্যাখ্যা স্পষ্ট করা প্রয়োজন। এই ধারায় দিল্লি রাজ্যের বিশেষ চরিত্রের কথা বলা হয়েছে।
দিল্লির পুলিশ রাজ্য সরকারের নির্দেশ বহু ক্ষেত্রে মানছে না। আমলাদের নিয়োগ বা বদলির নির্দেশ বলবৎ হচ্ছে না অনেক ক্ষেত্রে। রাজ্যের বিধায়কদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জরুরি অবস্থা জারির জন্য অভিযুক্ত করেন। রাজ্য-কেন্দ্র এই লড়াইয়ে কেজরিওয়াল জড়িয়ে দিয়েছেন রাজ্যের উপরাজ্যপাল নাজিব জংকেও। প্রশাসনিক অচলাবস্থা আরও জটিল হয়েছে দিল্লির পুরসভাগুলি বিজেপির দখলে থাকায়। রাজ্যের দুর্নীতি দমন শাখা কেন্দ্র না রাজ্য কার হুকুম মানবে, বিবাদ দেখা দিয়েছে তা নিয়েও। বাধ্য হয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল।
কংগ্রেস ও বিজেপি দুই দলই দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ক্ষমতায় থাকার সময় কোনো দিনই এই দুই দল তা রূপায়িত করেনি। যুক্তরাজ্যের সাম্প্রতিক গণভোটের পর কেজরিওয়ালও দিল্লির পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে গণভোটের প্রসঙ্গ তোলেন।