কেন্দ্রে জাতীয় সরকার গঠনের দাবি মমতার
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান অর্থনৈতিক দুরবস্থার বিভিন্ন দিক তুলে ধরে অবিলম্বে ‘দেশকে বাঁচানোর জন্য’ জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতার টাউন হলে রাজ্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
মমতা দাবি করেন, কেন্দ্রীয় সরকার হঠাৎ নোট বাতিলের পর বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভুল সিদ্ধান্তের ফলে ভুগছে দেশবাসী। কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। দেশে চলছে সন্ত্রাসের সরকার। ভয়ংকর দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে দেশ।
নরেন্দ্র মোদিকে দিয়ে দেশ চলবে না—এ মন্তব্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে সরিয়ে কেন্দ্রে একটি জাতীয় সরকার গঠনের আরজি জানান। মমতা বলেছেন, সেই সরকারের নেতৃত্ব বিজেপি দিলেও তাঁর আপত্তি নেই। তবে মোদির নেতৃত্বে গড়া যাবে না সে সরকার। বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, রাজনাথ সিং বা অরুণ জেটলি নেতৃত্ব দিতে পারেন।
মমতা ভারতের রাষ্ট্রপতির কাছেও দেশ বাঁচানোর আরজি জানান। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন তিনি। এ ছাড়া জাতীয় সরকার গড়ার লক্ষ্যে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।