কেন্দ্র-কেজরিওয়ালের নতুন লড়াই শুরু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বছর শেষ ও শুরু হচ্ছে কেন্দ্রের সঙ্গে নতুন ঝগড়ার মধ্য দিয়ে। রাজ্যে নিযুক্ত দুই আইএএস কর্মকর্তাকে বরখাস্ত করায় প্রায় ২০০ জন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার গণছুটিতে চলে যান। ক্ষুব্ধ কেজরিওয়াল টুইট করেন, ‘এই কর্মকর্তারা ছুটিতে গেলে মানুষ বরং বেঁচে যাবে। প্রশাসন অনেক বেশি সৎ, মসৃণ ও কার্যকর হবে।’
কেজরিওয়াল এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাজ্যপাল নাজিব জংকে একহাত নিয়েছেন। বলেছেন, তাঁরাই আমলাদের মদদ দিচ্ছেন। মোদি তাঁদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন। কেজরিওয়ালের অভিযোগ, বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে নতুন বছর থেকে দিল্লিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তা বানচাল করতেই কর্মকর্তাদের খ্যাপানো হয়েছে। আমলাদের সংগঠন হয়ে গেছে বিজেপির বি টিম।
দিল্লির দুই আইএএস কর্মকর্তা সুভাষ চন্দ্র ও যশপাল গর্গকে গত বুধবার দিল্লি সরকার সাময়িক বরখাস্ত করে। অভিযোগ, দিল্লির সরকারি কৌঁসুলি ও জেলখানার কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের ফাইলে সই করতে তাঁরা অস্বীকার করেন। গতকাল কেন্দ্রীয় সরকার বরখাস্ত করার সেই সিদ্ধান্ত রদ করে দেয়। সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়, প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আইএএস বা আইপিএস কর্মকর্তাকে বরখাস্ত করা যাবে না। রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেই গতকাল প্রায় ২০০ কর্মকর্তা গণছুটি নেন। অন্যদিকে, কেজরিওয়াল সরকারের বরখাস্ত করা দুই কর্মকর্তা গতকাল দপ্তরে যান।
গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের পর থেকেই কেন্দ্রের সঙ্গে কেজরিওয়ালের খটমট লেগেই রয়েছে। এর আগের সংঘাতটি ছিল রাজ্য সরকারের সচিবালয়ে সিবিআইয়ের তল্লাশি চালানো নিয়ে। এর সূত্রে কেজরিওয়াল সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে। তদন্তের জন্য কমিশন গঠনও করেছেন।
কর্মকর্তাদের এই সিদ্ধান্ত ও তাতে কেন্দ্রীয় মদদের সঙ্গে কেজরিওয়াল জোড়-বিজোড় কর্মসূচির সাফল্যকে জুড়ে দিয়েছেন। আজ থেকে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় বেসরকারি যান নিয়ন্ত্রণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, কেজরিওয়ালের মতে, তা বানচাল করতেই কেন্দ্র কর্মকর্তাদের হাত করেছে। গতকাল এই নিয়মের যে ‘ট্রায়াল রান’ হয়, সেখানে ৪০ জনের মতো কর্মকর্তা গরহাজির থাকেন।
কংগ্রেসের নিন্দা মোদির: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য এই বিতর্কে সরাসরি জড়াতে চাননি। তিনি বরং বছরটা শেষ করলেন কংগ্রেসকে তার ইতিকর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে। দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল তিনি কংগ্রেসকে তুলোধোনা করে বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তারাই দিনের পর দিন সংসদ অচল রেখেছে। অথচ ওরা ৫০ থেকে ৬০ বছর এই দেশ শাসন করেছে। সংসদে বলতে দেয় না বলেই এখানে বলছি, নতুন বছর ওরা তো উদ্যাপন করবে, তখন যেন তারা সংসদ অচল না করার শপথ নেয়।’