কেবিনে ধোঁয়া, মাঝপথ থেকে ফিরল ইতালিগামী ভারতীয় বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি থেকে ইতালির মিলানগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথ থেকে আবার দিল্লিতে ফিরেছে। বিমানটির কেবিনে প্রচুর ধোঁয়া দেখতে পেয়ে সেটি দিল্লিতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, আজ স্থানীয় সময় বিকেল তিনটায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ১৬৭ জন যাত্রী নিয়ে ইতালির মিলানের পথে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে কেবিনে ধোঁয়া দেখা যাওয়ায় সেটি আবারও দিল্লিতে ফিরিয়ে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীরা সবাই সুস্থ আছেন। সবাইকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। কী কারণে কেবিনে আগুন লেগেছে সেটা তাৎ​ক্ষণিকভাবে জানা যায়নি।
এনডিটিভির খবরে আরও জানানো হয়, ওই যাত্রীদের নিয়েই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট সন্ধ্যায় ছয়টার দিকে মিলানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।