কেরালায় মদ্যপান নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেরালা রাজ্যের পানশালাগুলোতে (বার) মদ্যপান নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। রাজ্যের পানশালাগুলো বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট সরকার এ ঘোষণা দিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি ঘোষণায় বলেন, রাজ্যের কোনো পানশালায় এখন থেকে মদ্যপান চলবে না। শুধু তা-ই নয়, রাজ্যের মদের দোকানও বন্ধ করে দেওয়া হচ্ছে। কেবলমাত্র পাঁচতারা হোটেলে থাকবে মদ্যপানের সুযোগ।
কেরালা রাজ্যে ৩১২টি নিবন্ধিত পানশালা রয়েছে। এসব পানশালার নিবন্ধন আর নবায়ন করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। নিবন্ধিত পানশালাগুলোর নিবন্ধনের মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালের ৩১ মার্চ।