কোথায় কালোটাকা, কোথায় কর্মসংস্থান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধানসভা নির্বাচনের প্রচারণায় সরগরম ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতীয় রাজনীতির দুই মহারথী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী এবং নতুন উন্মাদনা আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল—গতকাল রোববার এই ত্রয়ীর দর্শন পেল রাজধানীর মানুষ। তিনজনই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। খবর হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভির।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দক্ষিণ দিল্লির বদরপুরের সমাবেশে ‘ঘৃণার রাজনীতি ছড়ানোর’ অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। জনতাকে আহ্বান জানালেন সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে। সোনিয়া বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ আনলেন। বললেন, ‘বিজেপির গালভরা নির্বাচনী প্রতিশ্রুতি নিশ্চয়ই মনে আছে আপনাদের। আজ কোথায় গেল কালোটাকা, কোথায় কর্মসংস্থান, মূল্যস্ফীতি আজও রোধ হলো না কেন?’
কংগ্রেস নেত্রীর কোপ থেকে বাঁচেনি এএপিও। সোনিয়া বললেন, ‘একদিকে কিছু লোক (বিজেপি) ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আর অন্যদিকে একদল ব্যস্ত (এএপি) কেবল ধরনা দিতে।’
দিল্লির ডিডিএ সেক্টরের সভায় কংগ্রেস আর এএপি দুই দলকেই দায়িত্বজ্ঞানহীন বলে ভর্ৎসনা করলেন নরেন্দ্র মোদি। বললেন, ‘মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে কথা বলা আর মিথ্যে অভিযোগের প্রতিযোগিতা শুরু করেছে দুটি দল।’
দিল্লির মানুষের সঙ্গে ‘হাতে হাত মিলিয়ে’ কাজ করার ইচ্ছে ব্যক্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী।
অন্যদিকে শাস্ত্রীনগরের নির্বাচনী সভায় চ্যালেঞ্জ ছুড়লেন এএপির কেজরিওয়াল। বিজেপির অভিযোগের জবাবে বললেন, ‘প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার বিরুদ্ধে মামলা করুক ওরা।’ সোনিয়ার বক্তব্যের জবাব দিলেন এভাবে, ‘আমি নিজের জন্য ধরনায় বসি না। বসি জনগণের জন্য।’