কোন্দলের বিহিত করতে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়ার বিহিত করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সর্বোচ্চ আদালতের কাছে রাজ্যের আর্জি—রাজ্যে প্রশাসনিক অচলাবস্থা চলছে, কেন্দ্রের অসহযোগিতায় কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্টই বিচার করুক—রাজ্য হিসেবে দিল্লির এখতিয়ার কতখানি।
দিল্লির সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কে কে বেনুগোপাল ও ইন্দিরা জয় সিং। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকে তাঁরা বলেন, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ আদালতকে ঠিক করতে হবে, দিল্লির সরকারের অধিকার কতটুকু। প্রধান বিচারপতি আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য করেন।
দিল্লির পুলিশ ও জমির অধিকার কেন্দ্রীয় সরকারের হাতে। তবে পূর্ণ অধিকার নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ কোনো দিন এমন চরম হয়ে ওঠেনি। রাজ্যের সরকারি কর্মীদের নিয়োগ এবং দুর্নীতি দমন শাখার ক্ষমতাও রাজ্য না কেন্দ্রের হাতে, বিবাদ বাধে তা নিয়েও।
কে কে বেনুগোপাল ও ইন্দিরা জয় সিং দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে বলেন, সংবিধানের ২৩৯ (ক) ধারার ব্যাখ্যা স্পষ্ট করা প্রয়োজন। এই ধারায় দিল্লি রাজ্যের বিশেষ চরিত্রের কথা বলা হয়েছে।