দুই-তৃতীয়াংশও নয়, বিজেপি চাইছে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী রামনাথ কোবিন্দকে অন্তত ৭০ শতাংশ ভোটে জেতাতে। ৭০ শতাংশ, কেননা, বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৬৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।
এই লক্ষ্য পূরণে বিজেপির শীর্ষ নেতারা রামনাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরাঘুরি শুরু করেছেন। তাঁরা ইতিমধ্যে বিরোধী জোট ভেঙে দিয়েছেন। সংযুক্ত জনতা দল জানিয়ে দিয়েছে, এনডিএ প্রার্থীকে তারা সমর্থন জানাবে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সবাই ঘোষণা করেছেন, বিরোধী প্রার্থী মীরা কুমারকে নয়, তাঁরা ভোট দেবেন কোবিন্দকে। বিজেপি জোর নজর দিয়েছে বিভিন্ন রাজ্যের নির্দলদের ওপরও। লোকসভা ও বিধানসভার নির্দলদের অধিকাংশের সমর্থন আদায়ে দল তৎপর।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের বড় আশা ছিল ওডিশার বিজু জনতা দল, তেলেঙ্গানার টিআরএস, অন্ধ্র প্রদেশের ওয়াই এস আর কংগ্রেস ও তামিলনাড়ুর এআইএডিএমকের দুই গোষ্ঠীকে নিয়ে। বিজেপি এদের সবার সমর্থন আদায় করে নিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তো মীরা কুমারের সঙ্গে দেখাই করেননি! মহারাষ্ট্রে বিরোধিতার সুর কমিয়ে শিবসেনাও ক্রমেই বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। তারা কোবিন্দকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, বিজেপির সমালোচনাও তারা এখন আর করছে না।
বরং গোরক্ষার নামে বাড়াবাড়ির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যা বলেছেন, শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে গতকাল মঙ্গলবার তাঁকে সমর্থন জানানো হয়েছে। বলা হয়েছে, গোমাংস খাওয়া শুধু একটা অভ্যাসই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসা ও বহু মানুষের রুজি-রোজগারের প্রশ্ন। অতএব প্রধানমন্ত্রীর উচিত, গরুসংক্রান্ত বিষয়ে একটা জাতীয় নীতি গ্রহণ করা।
রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ উত্তর প্রদেশের দলিত। প্রধানমন্ত্রী মোদির নির্বাচন কেন্দ্রও উত্তর প্রদেশের বারানসি। লোকসভার স্পিকার সুমিত্র মহাজনও উত্তর ভারতীয়। ফলে বিজেপির একাংশ মনে করছে, ভারসাম্য রক্ষায় উপরাষ্ট্রপতি পদে এমন কাউকে পছন্দ করা উচিত, যিনি দক্ষিণ ভারতীয়।
কলকাতায় প্রচারণায় মীরা কুমার
কলকাতা প্রতিনিধি জানান, ভারতের রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধী দলের প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার গত সোমবার রাতে কলকাতায় আসেন। গতকাল সকালে তিনি যোগ দেন রাজ্য বিধানসভায় ভোট প্রচারে। কথা বলেন কংগ্রেস, বাম দল এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে। তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
মীরা কুমার সব বিধায়ককে এর আগে চিঠি দিয়ে তাঁদের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘আজ দেশের ১৭টি বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে।