কৌশল ঠিক করতে কেরালায় রাহুল
রাজ্য বিধানসভা নির্বাচনে দলের কৌশল ঠিক করতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী আজ মঙ্গলবার দুদিনের সফরে কেরালা যাচ্ছেন। এই বছরের এপ্রিল-মে মাস নাগাদ যে পাঁচ রাজ্যের বিধানসভার ভোট, তাদের মধ্যে কেরালাও রয়েছে।
রাহুল এই সফরে এটাও বোঝার চেষ্টা করবেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা শাসক তৃণমূল কংগ্রেসের মোকাবিলায় বামপন্থীদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার যে দাবি তুলেছেন, তা গ্রাহ্য হলে কেরালার কংগ্রেসের ক্ষতি কতটা। কেরালায় বামপন্থীরাই কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ। এই রাজ্যে ১৯৮২ সাল থেকে ৫ বছর অন্তর ক্ষমতার হাতবদলও হয়ে আসছে। সেই অনুযায়ী এবারের ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে হটিয়ে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের ক্ষমতায় আসার কথা।
কেরালার কংগ্রেস এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা। মুখ্যমন্ত্রী ওমেন চন্ডীর বিরুদ্ধে সৌরবিদ্যুৎ কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে জোর আন্দোলনও বিরোধীরা শুরু করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে দল বামপন্থীদের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলে কেরালার কংগ্রেস নেতৃত্ব আরও কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করছে। রাহুলকে তাঁরা ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করেছেন। এই সফরে রাহুলও বোঝার চেষ্টা করবেন, রাজ্যে রাজ্যে বামপন্থীদের জন্য পৃথক নীতি গ্রহণ করা উচিত হবে কি না।