কৈলাসের নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার
শান্তিতে নোবেলজয়ী ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার করা হয়েছে। রেপ্লিকাটি উদ্ধারের কথা আজ রোববার জানিয়েছে ভারতের দিল্লি পুলিশ। খবর এনডিটিভির
৭ ফেব্রুয়ারি রাতে দিল্লির অলকনন্দা এলাকায় কৈলাস সত্যার্থীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর বিভিন্ন মূল্যবান জিনিসের সঙ্গে নোবেল পুরস্কারের রেপ্লিকাটিও নিয়ে যায়।
দিল্লি পুলিশের উপকমিশনার রোমিল বানিয়া বলেন, নোবেল শান্তি পুরস্কারের রেপ্লিকা, কিছু স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও আরও কিছু মূল্যবান জিনিস গতকাল শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাটনায়েক টুইটারে বলেছেন, ‘মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের রেপ্লিকা চুরির ঘটনাটি পুলিশ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তদন্ত করেছে। গর্বিত যে দিল্লি পুলিশ দ্রুততম সময়ে সেটি উদ্ধার করতে পেরেছে।’
পুলিশ সূত্র জানায়, রাজন, সুনীল ও বিনোদ নামের তিনজনকে এই চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
বিধি অনুযায়ী কৈলাস সত্যার্থীর আসল নোবেল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে রাখা আছে। চুরির ঘটনার সময় কৈলাস সত্যার্থী যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
২০১৪ সালে পাকিস্তানের নারীশিক্ষার অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী।