কোচবিহারের ১৬৬টি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে গতকাল বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন পশ্চিমবঙ্গের দুটি আসনে ভোট গ্রহণ করা হয়। আসন দুটি হলো—আলিপুরদুয়ার ও কোচবিহার। এই কোচবিহারের বিভিন্ন ভোটকেন্দ্রে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গতকাল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিক্ষোভ করেছে রাজ্য বিজেপির নেতা-কর্মীরা।

ভোটদানে বাধা, ভোটিং মেশিন ভাঙচুর, বিজেপির নির্বাচন দপ্তর ভাঙচুর, বোমাবাজি, জালভোট, বুথ দখলসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। শুক্রবার কলকাতায় রাজ্য নির্বাচন দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী-সমর্থকেরা। এতে নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। তাঁরা নির্বাচন দপ্তরের অদূরে সড়কে বসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা কোচবিহারের ১৬৬টি কেন্দ্রে ফের ভোট গ্রহণের দাবি তোলেন। পাশাপাশি রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তার অপসারণ দাবি করা হয়।

এদিকে লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল। ওই দিন পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ করা হবে। আসন তিনটি হলো—উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিং। দার্জিলিং ও জলপাইগুড়ি স্পর্শকাতর আসন হিসেবে বিবেচিত হওয়ায় দ্বিতীয় দফার নির্বাচনে এই তিনটি কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় এই রাজ্যে নিয়োগ করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ৮৩টি কোম্পানি। এবার দ্বিতীয় দফায় সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৩৪।