কোথাকার পানি কোথায় গড়ায়!

তিস্তা চুক্তি ‘একটু দেখুন’ বলে যিনি অনুরোধ জানিয়েছিলেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই এবার বাংলাদেশের তিন নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলাদেশের মাথাভাঙ্গা নদীর পানিদূষণ কমানোর জন্যও যেন ‘বন্ধু’দেশের সঙ্গে ভারত সরকার কথা বলে, সেই অনুরোধও জানান তিনি। স্পষ্টতই, তিস্তার পাল্টা হিসেবে মমতাও এবার নদী নিয়ে চাপের রাজনীতি শুরু করলেন।
মাথাভাঙ্গা নদীটি ভারতে ঢুকে নাম নিয়েছে ‘চূর্ণী’। মমতার দাবি, বাংলাদেশে দূষণের কারণে চূর্ণীর পানি কোনো কাজে লাগছে না। পাশাপাশি তিন নদী—আত্রেয়ী, টাঙ্গন ও পুনর্ভবার পর্যাপ্ত পানির দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘রাজ্যের দাবিদাওয়া’ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মমতা দেখা করেন। দুজনের আধঘণ্টার ওই আলোচনায় তিস্তা প্রসঙ্গ ওঠেনি। তিস্তার বিকল্প হিসেবে যে প্রস্তাব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছিলেন, তা নিয়েও মোদির সঙ্গে কাল তাঁর কথা হয়নি।
বৈঠক শেষে সাউথ অ্যাভিনিউতে দলীয় সাংসদ অভিষেক ব্যানার্জির সরকারি বাংলোয় সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে আমাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যা সমাধানের কথাই প্রধানমন্ত্রীকে বলেছি।’ বাংলাদেশের তিন নদী আত্রেয়ী (বাংলাদেশে এর নাম আত্রাই), টাঙ্গন ও পুনর্ভবা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকে আবার বাংলাদেশে ফিরে গেছে। মমতার দাবি, বাংলাদেশে এই নদীগুলোর ওপর বাঁধ তৈরি হয়েছে, নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে পানিপ্রবাহ। ফলে গ্রীষ্মে ভারত একেবারেই পানি পাচ্ছে না।
মমতা বিশেষভাবে তুলে ধরেন নদীর কথা। নরেন্দ্র মোদিকে তিনি জানান, সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে দিনাজপুর জেলার মোহনপুরে বাংলাদেশ আত্রেয়ীর ওপর একটা ‘রাবার ড্যাম’ তৈরি করেছে। এতে ভারতে ঢোকা আত্রেয়ীতে পানি একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই বছর এপ্রিলের শেষ সপ্তাহে আত্রেয়ীর বাঁধ থেকে আচমকা পানি ছাড়ায় দক্ষিণ দিনাজপুর প্লাবিত হয়ে যায়। এতে প্রায় ৪০ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে মমতার দাবি। প্রধানমন্ত্রীকে তাঁর অনুরোধ, বাংলাদেশের উপযুক্ত মহলে বিষয়টি তিনি যেন তোলেন।
মাথাভাঙ্গা নদীর (নদীয়া জেলায় যার নাম চূর্ণী) পানিদূষণের বিষয়টি নিয়েও বাংলাদেশের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। মমতা বলেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বাংলাদেশ-ভারত সীমান্তে চূর্ণীর পানি পরীক্ষা করে দেখেছে। তা এতই দূষিত যে মাছ চাষ তো দূরের কথা, ওই পানি কোনো কাজেই লাগবে না।
মোদির সঙ্গে মমতার আলোচনা আক্ষরিক অর্থেই হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশকেন্দ্রিক। কেননা, মালদহ জেলার আমের প্রসঙ্গও তিনি আলোচনায় টেনে আনেন। মমতা বলেন, মালদহ জেলায় ফি-বছর যত আম উৎপাদিত হয়, তার ৭০ ভাগ রপ্তানি হয় বাংলাদেশে। ২০১৬ সালে বাংলাদেশ সরকার মালদহের আমের আমদানি শুল্ক দ্বিগুণের বেশি বাড়িয়েছে। ২০০৬ সালে আমের আমদানি শুল্ক ছিল কেজিপ্রতি সাড়ে ১৩ টাকা, ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ২৯ টাকা। এর ফলে ২০০৬ সালে যেখানে ২ হাজার ৯০০ টন আম বাংলাদেশে রপ্তানি করা হয়েছে, তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬ টনে। টাকার অঙ্কে ৪১ কোটি থেকে বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭ লাখে। এতে মালদহের আমচাষিরা মার খাচ্ছেন। মোদিকে তাঁর অনুরোধ, বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ ইলিশ পাঠানো বন্ধ তো করেই দিয়েছে, এবার কোপ মেরেছে আমের ওপর।’
মোদির সঙ্গে আলোচনায় মমতা অবশ্য গঙ্গা চুক্তির প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি বলেন, এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা ভালো নয়। ফারাক্কায় বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বারবার ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতা বন্দর। পাশাপাশি হলদিয়া বন্দরও ব্যাপক পলি সমস্যায় ভুগছে। দিন দিন নাব্যতা কমছে। বড় জাহাজ আসতে পারছে না। মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়ায় ভাঙন মারাত্মক আকার ধারণ করছে। ভাঙন এতটাই মারাত্মক যে জাতীয় সড়কের সঙ্গে নদীর দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র দুই কিলোমিটারে। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকার বেশি।