
ভারত ও জার্মানির মধ্যে গতকাল মঙ্গলবার বার্লিনে চতুর্থ আন্তসরকার পরামর্শ আলোচনার (আইজিসি) উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। দেশ দুটির মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের একটা রূপরেখা তৈরি করাই এ আলোচনার লক্ষ্য।
এ আলোচনায় অংশ নিতে জার্মানি সফরে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোদিকে জার্মান চ্যান্সেলরের অফিস চ্যান্সেলারিতে সামরিক কায়দায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় ম্যার্কেল ও তাঁর সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মোদি তাঁর সফরসঙ্গী মন্ত্রিসভার প্রতিনিধিদলের সদস্যদের ম্যার্কেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর দুই নেতা আইজিসির পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন। জার্মানিতে মোদির দুই দিনের সফরে এ অধিবেশনের প্রতিই সবার নজর থাকছে। অধিবেশনের অংশ হিসেবে ম্যার্কেলের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনাতেও বসেন প্রধানমন্ত্রী মোদি। প্রতি দুই বছর পর আইজিসির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
এবারের বৈঠকে মোদির সঙ্গে যোগ দিয়েছেন তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের একটি প্রতিনিধিদল। এ দলের মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন, জ্বালানিমন্ত্রী পীযূষ গয়াল, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী এম জে আকবর।