ক্যাব ও এনআরসি বাতিল না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা মমতার

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে উত্তাল রয়েছে কলকাতা ও হাওড়া। ক্যাব ও এনআরসির প্রতিবাদে দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কলকাতার রাস্তায় নেমে মিছিলে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, ক্যাব ও এনআরসি বাতিল না হওয়া পর্যন্ত তিনি রাস্তায় থেকে এ আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘ক্যাব ও এনআরসি ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছে। মানুষ এই ক্যাব ও এনআরসি মানছে না, মানবে না। আমরাও বাংলায় এই এনআরসি এবং ক্যাব কার্যকর করতে দেব না।’
কাল বুধবার তৃতীয় দিনে মমতার এই প্রতিবাদ মিছিল হবে হাওড়া ময়দান থেকে কলকাতার ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত। সব প্রতিবাদ মিছিলেই হাঁটছেন ও হাঁটবেন মমতা। বুধবার দুপুর একটায় হাওড়া থেকে মিছিল শুরু হবে।
অপর দিকে মঙ্গলবার দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে ও হাওড়ায় এনআরসি ও ক্যাবের পক্ষে মিছিল বের করেছে বিজেপি। এই মিছিল হাওড়া ময়দানে যাওয়ার কথা থাকলেও পাওয়ার হাউসের কাছে বিজেপির মিছিলকে আটকে দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির নেতা-কর্মীদের। পরে তাঁরা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট করেন।
মমতার উদ্দেশে বিজেপি নেতা রাজু মুখোপাধ্যায় বলেন, ‘তিনি আইন ভঙ্গকারী, সংবিধান ভঙ্গকারী ও দেশদ্রোহী।’