ক্লাসে রোল ডাকার সময় না দাঁড়ানোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোল ডাকার সময় না দাঁড়ানোয় ছাত্রকে মারছেন শিক্ষিকা
রোল ডাকার সময় না দাঁড়ানোয় ছাত্রকে মারছেন শিক্ষিকা

একমনে ক্লাসে বসে ছবি আঁকছিল শিশুটি। তাই শুনতে পায়নি তার রোল ডাকা হচ্ছে। আর শিশু শিক্ষার্থীর এমন ‘বেয়াদবি’ একেবারেই সহ্য হয়নি শিক্ষিকার। তৃতীয় শ্রেণির শিশুটিকে তাই ডেকে নিয়ে সপাটে চড় কষালেন। একটি-দুটি নয়, ৪০টি! একপর্যায়ে চুলের মুঠি ধরে ব্ল্যাকবোর্ডে মাথাও ঠুকে দেন।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের লক্ষ্ণৌয়ের উত্রেথিয়া অঞ্চলের সেন্ট জন ভিয়ানে হাইস্কুলে। শিক্ষিকা রেতিকা শিক্ষার্থীদের উপস্থিতি গণনার জন্য রোল ডাকছিলেন। শিশুটি ছবি আঁকায় ব্যস্ত ছিল। সে উঠে না দাঁড়ানোয় রেগে আগুন হয়ে যান শিক্ষিকা রেতিকা। ওকে ডেকে গালে একের পর এক চড় মারতে থাকেন তিনি। এতেও রাগ কমে না তাঁর। জামার কলার ধরে টেনে, চুলের মুঠি ধরে ব্ল্যাকবোর্ডে মাথা অবধি ঠুকে দেন রেতিকা।

শিশুছাত্রের সঙ্গে রেতিকার এই কীর্তি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। মারধরের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।

এদিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলের লাল হয়ে যাওয়া গাল নজরে আসে মা-বাবার। তাঁরা ছেলের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পারেন নির্যাতনের কথা। পরে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনার প্রমাণ পান।

অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করা হয় স্কুল থেকে। যদিও কৃতকর্মের জন্য ছাত্রটির মা-বাবার কাছে ক্ষমা চান তিনি। তবে তাতে বিশেষ লাভ হয়নি। রেতিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার।

সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস।