ক্ষমতাসীনেরা রাষ্ট্রদ্রোহকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন: কানহাইয়া
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার বলেছেন, রাজনীতিবিদেরা তাঁর বক্তব্যকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখছেন। রাষ্ট্রদ্রোহকে ক্ষমতাসীনেরা রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। এই দেশে কিছু লোক বিতর্ক সৃষ্টি করছেন।
এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কানহাইয়া এ কথা বলেন। তিনি বলেন, ভারতের ওপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে এবং এই দেশ থেকে তিনি ‘মুক্তি’ চান না।
কানহাইয়া বলেন, ‘আমি কোনো তারকা নই, আমি শুধুই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি। আমি সেই সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যারা তাদের চিন্তাধারার বাধা ভেঙে একত্র হয়েছেন। এসব মানুষ কানহাইয়ার জন্য কিংবা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জন্য জেগে ওঠেননি। তাঁরা জেগে উঠেছেন গণতন্ত্র, ন্যায়বিচার ও ন্যায়-অন্যায়ের ব্যাপারে কথা বলতে পারার অধিকারের জন্য।’
কানহাইয়া বলেন, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে। জাতীয়তাবাদের ধারণাটি এসেছে ইউরোপ থেকে, যেমন এক ধর্ম, এক পরিচয়। কিন্তু দেশপ্রেম হলো বহুমাত্রিক পরিচয়ের একটি উপাদান। ভারত হলো কয়েকটি দেশের একটি দেশ যা বহু সংস্কৃতি প্রকাশ করে। এখানে সংবিধানের প্রতিবন্ধকতাকে সম্মান করতে আমাদের অধিকার দিয়েছে আবার একই সঙ্গে আমাদের স্বাধীনতাও দিয়েছে।