ক্ষমা চাইলেন তাপস পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস পাল। ফাইল ছবি
তাপস পাল। ফাইল ছবি

১৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে ক্ষমা চাইলেন কলকাতার চিত্রতারকা ও তৃণমূল কংগ্রেসের এমপি তাপস পাল। এ ক্ষমা চাওয়া ২০১৪ সালে করা একটি মন্তব্যের জন্য।
গত বৃহস্পতিবারই জামিন পান তাপস পাল। তাঁর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তাপসকে রাখা হয়েছিল ভুবনেশ্বরের কারাগারে। আইনি কাজ শেষ করে গত শনিবার রাতেই মুক্তি পান কারাগার থেকে।
২০১৪ সালের জুন মাসে নদীয়ার চৌমাহা গ্রামে এক দলীয় সমাবেশে দাঁড়িয়ে তাপস পাল বলেন, ‘আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাদের গোষ্ঠী শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’
মুক্তি পাওয়ার পর তাপস সাংবাদিকদের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, ‘আমি ওই ভুল মন্তব্যের জন্য দুঃখিত। দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

তাপসের এসব কথার তীব্র সমালোচনা শুরু হয় পশ্চিমবঙ্গজুড়ে।

মুক্তির পর তাপস বলেন, সুস্থ হওয়ার জন্য কলকাতার বাড়ি ফিরে বিশ্রাম নেব। তারপর অভিনয়ের কথা ভাবব।

ভারতের পশ্চিমবঙ্গের বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থা রোজভ্যালি থেকে আর্থিক সুবিধা গ্রহণ এবং অর্থ আত্মসাতের অভিযোগ ছিল তাপস পালের বিরুদ্ধে। একসময়ের টালিগঞ্জের দাপুটে এই নায়ককে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

গ্রেপ্তারের পর তাপসকে পাঠিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী রাজ্য ওডিশার রাজধানী ভুবনেশ্বরের কারাগারে। সেখানেই ছিলেন এত দিন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওডিশার হাইকোর্ট জামিন মঞ্জুর করেন। তাও এক কোটি রুপি নগদ অর্থে। আদালতে তাপসের পাসপোর্টও জমা দিতে হয়।

তাপস পাল রোজভ্যালি সংস্থার চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন। অভিযোগ আছে, নিজে আর্থিক সুবিধা নেওয়ার পাশাপাশি সুবিধা দিয়েছেন তাঁর স্ত্রী এবং মেয়েকেও। এই অভিযোগ ওঠার পর সিবিআই তাপস পালকে জেরা করে। তবে তিনি আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করেন। তাপসের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সিবিআই বলেছে, তাপস পালের রোজভ্যালি থেকে আর্থিক সুবিধা গ্রহণের বহু তথ্য তাদের হাতে রয়েছে। এই আর্থিক সুবিধা নিয়েছেন নগদ এবং ব্যাংকের মাধ্যমে।