ক্ষমা না চাইলে উড়োজাহাজের টিকিট নয়
ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিবসেনা দলীয় সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের টিকিট আবারও বাতিল করে দিয়েছে দেশটির উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। গত ২৩ মার্চ গায়কোয়াড় এ সংস্থার উড়োজাহাজে উঠে এর এক ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর এয়ার ইন্ডিয়া জানিয়ে দেয়, ওই ঘটনায় ক্ষমা না চাইলে তাদের কোনো উড়োজাহাজে উঠতে দেওয়া হবে না গায়কোয়াড়কে।
এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপকের কাছে ক্ষমা চাওয়ার দাবি গতকালও প্রত্যাখ্যান করেছেন গায়কোয়াড়। তিনি সংসদে বলেন, যদি তিনি ‘সংসদের সম্মান নষ্ট করে’ থাকেন তবে তিনি সেখানেই ক্ষমা চাইবেন। কিন্তু ৬০ বছর বয়সী যে ব্যবস্থাপককে তিনি লাঞ্ছিত করেছেন, তাঁর কাছে ক্ষমা চাইবেন না। তবে তাঁর এ কথায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মোটেও খুশি হয়নি। এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের ইউনিয়নের দাবি, সাংসদকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এর আগে তাঁকে এয়ার ইন্ডিয়ার কোনো উড়োজাহাজে উঠতে দেওয়া হবে না। তাই এ মাসের শেষ দিকে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার টিকিট বাতিল করে দিয়েছে।
গতকাল ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে একটি চিঠি দেন। সেখানে তিনি ‘দুর্ভাগ্যজনক ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ’ করেছেন।
২৩ মার্চ পুনে থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকিট চেয়েছিলেন গায়কোয়াড়। তবে ওই উড়োজাহাজে সব টিকিটই ছিল ইকোনমি ক্লাসের। উড়োজাহাজ কর্তৃপক্ষ দাবি করেছে, বিজনেস ক্লাস যে নেই সে বিষয়টি সাংসদকে আগেই জানানো হয়েছিল। যদিও গায়কোয়াড়ের দাবি, বিষয়টি তাঁকে জানানো হয়নি। বিজনেস ক্লাস না পেয়ে ক্ষিপ্ত হয়ে গায়কোয়াড় ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।