ক্ষুদ্রমনস্কদের মন্তব্যে কিছু বলব না: সোনিয়া
ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংয়ের বিতর্কিত কথায় কোনো রকম মন্তব্য করতে রাজি হলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, ‘ক্ষুদ্রমনস্ক মানুষদের মন্তব্যের পিঠে পাল্টা কিছু বলব না।’
ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজের গত বুধবারের মন্তব্যটিতে ছিল স্পষ্ট বর্ণবিদ্বেষের ইঙ্গিত। তিনি বলেছিলেন, সোনিয়া যদি নাইজেরীয় মহিলা হতেন এবং রাজীব গান্ধী তাঁকে বিয়ে করতেন, তাহলে কি কংগ্রেসে এতটা সমীহ তিনি আদায় করতে পারতেন?
সোনিয়া শালীনতা দেখিয়ে মন্তব্য না করলেও গতকাল দিল্লিসহ দেশের নানা প্রান্তে কংগ্রেসিরা বিক্ষোভ দেখান। প্রতিমন্ত্রী গিরিরাজের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিহারের মজফফরপুর জেলা আদালতে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় কংগ্রেস নেতারা একটি মানহানির মামলাও করেছেন। আদালত স্থানীয় পুলিশকে নির্দেশও দিয়েছেন গিরিরাজের বিরুদ্ধে এফআইআর দাখিল করতে।
সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দলের একজন আপত্তিকর মন্তব্য করলেও বিজেপি অথবা সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদি গতকালও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব গতকাল বলেন, গিরিরাজ নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। ফলে বিতর্কের অবসানও ঘটেছে। গিরিরাজ বিহারের মন্ত্রী এবং সেই রাজ্যে এই বছরের শেষেই বিধানসভার নির্বাচন। কাজেই তাঁর বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নিতে দল ও সরকার রাজি নয়। তবে বিহারে বিজেপি-বিরোধী রাজনীতি এই মন্তব্যে বেশ চনমনে হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, বিজেপিতে এই ধরনের অসংস্কৃত মানুষেরই ভিড়। এই রাজ্যেরই নেতা লালুপ্রসাদ যাদব বলেছেন, গিরিরাজকে হাতে চুড়ি পরিয়ে, কপালে টিপ দিয়ে, মুখে কালি লেপে ঘোরানো দরকার। গিরিরাজকে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিনেতা রাজ বাব্বর তাঁর চিকিৎসার খরচ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
দিল্লির নাইজেরীয় হাইকমিশনার ওব ওকোনগর বুধবার বলেন, ‘মন্ত্রীর মন্তব্য অত্যন্ত কুরুচিকর। আমাদের আশা, তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে নাইজেরিয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করবেন।’