ক্ষেপণাস্ত্র প্রযুক্তিনিয়ন্ত্রক গোষ্ঠীতে ঢুকল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্র প্রযুক্তিনিয়ন্ত্রণ ব্যবস্থা-সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (এমটিসিআর) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে ভারত। দেশটি এখন সংগঠনটির পূর্ণাঙ্গ সদস্য।
মূলত চীনের আপত্তিতে ভারতের পরমাণুপ্রযুক্তি সরবরাহ-সংক্রান্ত গ্রুপ বা এনএসজির সদস্য হওয়া ঝুলে থাকলেও এমটিসিআরে অন্তর্ভুক্তিকে এর জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রসচিব এস. জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে এমটিসিআরের অন্তর্ভুক্তিপত্রে সই করেন। প্যারিসে এর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল পূর্ণাঙ্গ সদস্য হওয়ার ঘোষণা দেয়।
ভারত এমটিসিআরের ৩৫তম সদস্য হওয়ার সঙ্গে সঙ্গেই এনএসজিতে দেশটির অন্তর্ভুক্তির সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে বলে দেশটির কূটনীতিকেরা মনে করছেন।
ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনও এমটিসিআরের সদস্য হওয়ার চেষ্টা অনেক দিন ধরেই করছে। চীনের আবেদন একবার খারিজও হয়েছে। তা সত্ত্বেও বেইজিং হাল ছাড়েনি। ভারত এখন ওই সংগঠনের সদস্য হওয়ায় চীনের পথ অনেকটাই বন্ধুর হয়ে গেল। এনএসজিতে নতুন সদস্যের অন্তর্ভুক্তির জন্য যেমন সব বর্তমান সদস্যের সম্মতি জরুরি, এমটিসিআরেও তাই। সম্ভবত চীন যত দিন ভারতকে এনএসজিতে ঢুকতে বাধা দেবে, ভারতও তত দিন এমটিসিআরে চীনকে ঢুকতে দেবে না।
এদিকে, চীন আবারও ভারতের এনএসজির সদস্যপদ নিয়ে নিজেদের আপত্তির বিষয়টি তুলে ধরেছে। সদস্যপদ লাভে ‘একটি দেশ’ বাধা সৃষ্টি করছে বলে ভারত অভিযোগ করার পর গতকাল সোমবার চীন বলেছে, পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই না করা দেশগুলোর এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে ‘অনেক দেশই’ আপত্তি তুলেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, গত সপ্তাহে সিউলে এনএসজির যে আলোচনা হয়েছে, সেখানে অনেক সদস্যদেশ বলেছে যে যারা এনপিটিতে সই করেনি, তাদের এনএসজির সদস্য করা ঠিক হবে না।