ভারতের বিরোধীদলীয় এমপিদের ক্ষোভের মুখে দেশটির পার্লামেন্টের অধিবেশন গত কয়েক দিনের মতো গতকাল সোমবার আবারও মুলতবি হয়ে গেছে। এমপিরা রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাজির হয়ে অবশ্যই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে বক্তব্য দিতে হবে বলে জোর দাবি জানাতে থাকলে বিশৃঙ্খলা দেখা দেয়। এ রকম পরিস্থিতিতে লোকসভা অধিবেশন মুলতবি হয়ে যায়।
তবে যতই হইচই হোক, ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, প্রধানমন্ত্রী মোদি রাজ্যসভায় হাজির হবেন না। প্রসঙ্গত, পার্লামেন্টের উচ্চকক্ষটিতে বিজেপি সংখ্যালঘু। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, নোট বাতিল নিয়ে তিনি সরকারের অবস্থান ব্যাখ্যা করতে তৈরি। তিনি অভিযোগ করেন, কিন্তু বিরোধী এমপিরা তাতে বাধা দিচ্ছেন। কেননা, তাঁরা আলোচনায় না বসে পার্লামেন্টকে অচল করে দিতে চান। গতকাল তিনি বলেন, বিরোধীরা বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।
এদিকে নোট বাতিলপরবর্তী হুলুস্থুল পরিস্থিতিতে পড়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মৃত্যুতে কংগ্রেস এমপিরা পার্লামেন্টে শোক জ্ঞাপনের দাবি তোলেন। কংগ্রেসের এমপি গোলাম নবী আজাদ বলেন, ‘নোট পাল্টাতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে থেকে যে ৭০ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। কেননা, তাঁরাও ভারতীয় এবং খেটে খাওয়া মানুষ।’ গত রোববার ভারতে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় ১৩০ জন নিহত হওয়ার ঘটনায় গতকাল রাজ্যসভায় এমপিরা শোক জানানোর পর এ কথা বলেন তিনি।
ইতিমধ্যে নোট বাতিল ইস্যুতে সরকারের ওপর সমন্বিত চাপ বাড়াতে উৎসাহিত করতে গতকাল সকালে বিরোধী দলগুলোকে নিয়ে এক বৈঠক আয়োজন করে কংগ্রেস। বৈঠক থেকে বলা হয়, এ ইস্যুতে কাল বুধবার পার্লামেন্ট এলাকায় একটি বিক্ষোভ দেখাবে তারা।