ক্ষোভের সুযোগে কংগ্রেসের আসন কাড়তে তৎপর বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দেন। এ সময় পাশেই ছেলে রাহুল গান্ধী ও দলের নেতা কে সি ভেনুগোপাল। নয়াদিল্লিতে কংগ্রেসের সদরদপ্তরে
ছবি: এএনআই

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে কংগ্রেসের নেতাদের ক্ষোভ কাজে লাগাতে তৎপর হয়েছে বিজেপি। কংগ্রেসশাসিত মরুরাজ্য রাজস্থানে বাড়তি একটি আসন ছিনিয়ে নিতে একেবারে শেষ মুহূর্তে তারা আসরে নামিয়েছে মিডিয়া মালিক সুভাষ চন্দ্রকে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ‘জি’ টেলিভিশনের মালিক এবং ‘এসেল’ গোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিজেপির সমর্থনে হরিয়ানা থেকে নির্বাচিত রাজ্যসভার স্বতন্ত্র সদস্য। তাঁর মেয়াদ শেষ হবে ২ আগস্ট।

১০ জুন রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কংগ্রেস গত রোববার মনোনীত করে ১০ জনকে। রাজস্থান ও ছত্তিশগড়ের মোট পাঁচটি আসনে যাঁদের মনোনীত করা হয়, তাঁদের কেউই ওই দুই রাজ্যের বাসিন্দা নন। এতে স্থানীয় কংগ্রেসপ্রত্যাশীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়। বিজেপি এর সুযোগ নিতে চাইছে। সুভাষ চন্দ্রকে আসরে নামানো হয়েছে পঞ্চম প্রার্থী হিসেবে।

রাজ্যসভার ভোটে জয়–পরাজয় নির্ধারিত হয় বিধানসভার আসনের নিরিখে। এবার রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হবেন চারজন। ২০০ আসনবিশিষ্ট এই রাজ্যের বিধানসভায় কংগ্রেসের শক্তি ১০৮, বিজেপির ৭১। জিততে হলে একেকজন প্রার্থীর দরকার ৪১ জনের সমর্থন। এই হিসাবে কংগ্রেস সরাসরি জিততে পারে দুটি, বিজেপি একটি আসন। চতুর্থ আসনটির জন্য কংগ্রেসের প্রয়োজন বাড়তি ১৫টি ভোট, বিজেপির ১১টি। এ পরিস্থিতিতে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে।

প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে স্বতন্ত্র বিধায়কদের সমর্থন নিয়ে তারা চতুর্থ আসন জিততে চাইছে। ছোট দল ও স্বতন্ত্র বিধায়কদের মিলিত সংখ্যা ২২। এখন দেখার বিষয়, ক্ষোভ মিটিয়ে কংগ্রেস তার ঘর ঠিক করতে পারে, নাকি বিজেপি বাড়তি ১১ জনের সমর্থন নিয়ে কংগ্রেসের কাছ থেকে একটি আসন ছিনিয়ে নেয়।

এই রাজ্যে কংগ্রেসের তিন প্রার্থীই ‘বহিরাগত’ (অন্য রাজ্যের বাসিন্দা)। রণদীপ সিং সুরজেওয়ালা হরিয়ানার, মুকুল ওয়াসনিক মহারাষ্ট্র ও প্রমোদ তিওয়ারি উত্তর প্রদেশের। বিজেপি টার্গেট করেছে প্রমোদ তিওয়ারিকে। রাজ্য বিধানসভার ভোট আগামী বছরের শেষে। দেশের যে দুই রাজ্যে এখনো কংগ্রেস শাসন করছে, তার একটি রাজস্থান, অন্যটি ছত্তিশগড়। দুটিই কেড়ে নিতে বিজেপি মরিয়া।

রাজ্যসভার মনোনয়নকে কেন্দ্র করে কংগ্রেসে ক্ষোভ বাড়ছে। মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশের মহম্মদ ইমরান প্রতাপগড়িকে প্রার্থী করায় মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন আশিস দেশমুখ। সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে তিনি বলেছেন, রাজ্যের কংগ্রেসিদের কাছে এটা অপমান। ব্যাপক ক্ষোভ রাজস্থান ও ছত্তিশগড়ের কংগ্রেসিদের মধ্যেও। এই ক্ষোভ ‘ক্রস ভোটিং’–এর কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজস্থানের রাজনীতিক পবন খেরা, উত্তর প্রদেশের নাগমার পাশাপাশি পাঞ্জাবের বর্তমান লোকসভা সাংসদ মনীশ তিওয়ারিও সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিওয়ারি বলেছেন, রাজ্যসভা এখন ‘পার্কিং লট’ বা গাড়ি রাখার গ্যারাজ হয়ে উঠেছে। রাজস্থান বিজেপির প্রধান সতীশ পুনিয়া কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, চিন্তন শিবিরের ফল এটাই। লোকাল ছাড়া কংগ্রেস ভোকাল কী করে হবে? সমালোচনায় মুখর হয়েছেন গুজরাট কংগ্রেসের নেতারাও। জিতেন্দ্র বাঘেলের টুইট, ‘হায়, গুলাম নবী আজাদ বা আনন্দ শর্মাদের মতো নেতাদেরও প্রয়োজন ফুরিয়েছে।’