খরার কবলে পড়ছে ভারতের অর্থনীতি?
খরার আশঙ্কা ছিলই, তবে তা আরও বড় হয়ে দেখা দিচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ গত মঙ্গলবার জানিয়েছে, এই বছরের বর্ষায় সারা দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় ৮৮ শতাংশে দাঁড়াবে। মাত্র এক মাস আগে বিভাগীয় পূর্বাভাস ছিল ৯৩ শতাংশ। কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী হর্ষবর্ধন এই ঘোষণা করে বলেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বর্ষায় দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হবে মাত্র ৮৫ শতাংশ।
ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরালায় বর্ষা এক সপ্তাহ দেরিতে আসছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস যদি সত্য হয়, তাহলে ২৮ বছর পর আরও একবার পরপর দুই বছর খরার কবলে পড়বে ভারত। ১৯৮৬-৮৭ সালে দেশে এই পরিস্থিতি হয়েছিল। গত বছরেও ভারতের বিভিন্ন অংশ খরার কবলে পড়ে। এবারও খরা হলে অর্থনীতির ওপর একটা বড় প্রভাব পড়তে বাধ্য।
এক মাস আগের পূর্বাভাস যতটা আশঙ্কার সৃষ্টি করেছিল, মঙ্গলবারের পূর্বাভাস তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শেয়ারবাজারে ইতিমধ্যে ধস নেমেছে। গত দুই দিনে সেনসেক্স পড়েছে প্রায় ৭০০ পয়েন্ট। সেই সঙ্গে বাড়ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। ডলারের তুলনায় রুপির অবমূল্যায়নও হচ্ছে। বৃষ্টির পরিমাণ কম হলে কৃষি উৎপাদন সার্বিকভাবে কম হবে। সার্বিক আয় কমার ফলে উৎপাদন শিল্প ব্যাহত হয়। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে বিপর্যয় দেখা দেয়। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির প্রথম বছর নিরুদ্বেগে কাটলেও দ্বিতীয় বছরে সম্ভাব্য খরা তাঁর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
আবহাওয়া অফিস দেশকে মোটামুটি তিনটি অঞ্চলে ভাগ করেছে। সেই অনুযায়ী দক্ষিণের চার রাজ্যে স্বাভাবিকের তুলনায় ৯২ শতাংশ বৃষ্টিপাত হবে। গোটা উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব ভারত, মধ্য ভারত, মহারাষ্ট্র ও গুজরাটে বৃষ্টি হবে ৯০ শতাংশ। উত্তর ভারতে সবচেয়ে কম, ৮৫ শতাংশ। অথচ উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানা ভারতের শস্যভান্ডার। পরপর কয়েক বছর ধরে এই অঞ্চলে বৃষ্টি কম হওয়ায় মাটির তলার জলের ওপর কৃষকদের নির্ভরতা অনেক বেড়ে গেছে। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাঞ্জাব ও হরিয়ানায় মাটির নিচের জল তুলে সেচ চালু রাখায় স্তর মাত্রাতিরিক্তভাবে কমে যাচ্ছে।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় সূত্রের খবর, দেশে চাল ও গম যে পরিমাণ মজুত আছে তাতে চিন্তার কোনো কারণ নেই। ঘাটতির পরিমাণ হিসাব করা শুরু হয়েছে যাতে আগে থাকতে আমদানির আদেশ দেওয়া যায়। বিভিন্ন বণিকসভা সূত্র অনুযায়ী, উৎপাদন শিল্প কতটা মার খাবে তা এখনই আন্দাজ করা কঠিন। তবে সব শিল্প খাতই পরিস্থিতি অনুযায়ী নিজেদের তৈরি রাখছে। খরা মোকাবিলায় দেশের নদীগুলোর মধ্যে সংযোগ স্থাপনের যে উদ্যোগ কেন্দ্রীয় সরকারের রয়েছে, তা ত্বরান্বিত করার একটা দাবিও শিল্প মহলের পক্ষ থেকে উঠেছে। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা মনে করেন, নদী সংযুক্তিকরণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা দরকার।