ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগের চার পর্বের সঙ্গে তুলনা করলে গতকাল শনিবার অনুষ্ঠিত পঞ্চম পর্বকে অনেকটাই নির্বিঘ্ন বলতে হবে। আগের পর্বের মতো ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধী দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট, ভয়ভীতি দেখানোর অভিযোগ এ পর্বেও উঠেছে। তবে গতকাল এর মাত্রা ছিল অপেক্ষাকৃত কম।
গতকালের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আগের পর্বের চেয়ে বেশি ছিল। এতে শাসক দল তৃণমূলের নাখোশ মন্ত্রী ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাহিনীটির কর্মকর্তাদের সঙ্গে।
নির্বাচনে অনিয়মের অভিযোগে শাসক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনও আইনি পদক্ষেপ নিয়েছে কয়েকটি জায়গায়।
গতকাল দক্ষিণ কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলার ৫৩টি আসনে ভোট নেওয়া হয়। লড়েছেন ৩৪৯ জন প্রার্থী।
গতকালের ভোটে আলোচিত বিষয় ছিল বহিরাগতদের নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে মন্ত্রী মনীশ গুপ্তের বাধা পাওয়ার ঘটনা। আর রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ সাতগাছিয়ার ভোটকেন্দ্রে গিয়ে সিপিএমের এজেন্টকে মেরে বের করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পর নির্বাচন কমিশন সোনালী গুহর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
গতকাল ভোট চলার সময় বাসন্তীতে সিপিএমের এক এজেন্টকে তৃণমূলের কর্মীরা অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। হুগলির আরামবাগে এক সিপিএম কর্মীকে প্রচণ্ড মারধর করা হয়। ভাঙরে তৃণমূলের উপদলীয় সংঘর্ষে দুজন আহত হন। মেটিয়াবুরুজে ‘খবরদারি করতে গিয়ে’ গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের তিন সমর্থক। তৃণমূলকে জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় হুগলির আরামবাগের প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।