খালিদকে প্রশিক্ষণ দিয়েছিলেন দুই বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় হায়দরাবাদ থেকে গ্রেপ্তার মিয়ানমারের নাগরিক খালিদ ওরফে খালিদ মোহাম্মদকে প্রশিক্ষণ দিয়েছিলেন দুই বাংলাদেশি। তাঁদের নাম আলী আহমেদ ও আবদুল রেহমান। তাঁরা তাঁকে বিস্ফোরক তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন।

গত ১৭ নভেম্বর বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে হায়দরাবাদ থেকে খালিদ মোহাম্মদকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এরপর তিনি স্বীকরোক্তিতে এসব তথ্য জানান বলে আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়।

এনআইএ জানায়, ২৮ বছর বয়সী খালিদ রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের সদস্য। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংগঠনটির সম্পর্ক রয়েছে। তিনি বিস্ফোরক-বিষয়ক একজন বিশেষজ্ঞ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়। ভিডিওগুলো জঙ্গি প্রশিক্ষণ-সংক্রান্ত। তাঁর কাছে বিষাক্ত পদার্থ, বোমা তৈরি ও বিস্ফোরক দ্রব্য নিয়ে লেখা কিছু বই এবং মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত জঙ্গিদের জিহাদি বই পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, খালিদের প্রশিক্ষণদাতা দুজন জামাআতুল মুজাহিদীনের সদস্য। গোয়েন্দা সূত্র জানায়, খালিদ মূলত বাবুর্চি হিসেবে তাঁর জীবন শুরু করেন। ২০১০ সাল নাগাদ ১০ বছর মিয়ানমারের দারাশাভা মাদ্রাসার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এর কয়েক বছর পর তাঁর সঙ্গে আহমেদ ও রেহমানের েযাগাযোগ হয়। এরপর ওই দুজন তাঁকে জিহাদে উদ্বুদ্ধ করে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক–ই–তালিবানের সদস্যরা তাঁকে প্রশিক্ষণ দেন।

বিশ্বাসযোগ্য একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, খালেদ ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দুই সপ্তাহ বাংলাদেশে বোমা তৈরি ও অন্যান্য প্রশিক্ষণ নিয়েছেন। এরপর তাঁকে বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা ও জিহাদ–সম্পর্কিত বিভিন্ন লেখা নিয়ে একটি পেনড্রাইভ দেওয়া হয়। পরে তিনি মিয়ানমার ও বাংলাদেশে কয়েকজনকে প্রশিক্ষণ দেন। কর্মকর্তারা জানান, বাংলাদেশে রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে খবর পাওয়ার পর থেকে খালিদ নিজেও গ্রেপ্তারের ভয় পাচ্ছিলেন। কিন্তু তিনি কৌশলে ভারতে চলে আসেন। এরপর তিনি বিভিন্ন জায়গা ঘুরে ২০১৩ সালের নভেম্বরে বালাপুরে শরণার্থী শিবিরে পরিবারের সঙ্গে থিতু হন। শহরে স্থানীয় একটি মাদ্রাসায় তিনি শিশুদের আরবি শেখান।

বর্ধমানে বিস্ফোরণের ঘটনার মূল অর্থায়নকারী গ্রেপ্তার শাহনুর আলমের সঙ্গে খালিদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন এনআইএর কর্মকর্তারা।