খাসতালুকে কংগ্রেসের স্বস্তি-অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন যদি হয় উত্তর প্রদেশের ভিভিআইপি জেলা কোনটা, তাহলে এটাওয়া ও মৈনপুরীর নাম প্রথমেই মুখে আসবে। রাজ্যের শাসক পরিবার যাদব কুলপতির ঘরবাড়ি সব ওখানেই। ভিভিআইপি কেন্দ্র বলতে গেলেও দুটি। রায়বেরিলি ও আমেথি। কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলির খাসতালুক। এই কিছুদিন হলো, বারানসি কল্কে পেতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দত্তক’ নেওয়ার কারণে।
সেই রায়বেরিলি, যার ধুলোবালি পর্যন্ত কংগ্রেসের অনুগত ছিল, সেখানে সোনিয়া গান্ধীর দলের এই হাল কেন, সেটা ভাবতে ভাবতেই তিলক ভবনে ঢোকা। রায়বেরিলি জেলা শহরে এই তিলক ভবনই সাংসদ সোনিয়ার জনসম্পর্কের ঠিকানা। দিল্লি থেকে দলের এক নেতাকে সোনিয়া এখানে থিতু করেছেন সব কাজ দেখাশোনা করার জন্য। কিশোরীলাল শর্মা। এখান থেকেই তিনি ভোট পরিচালনা করছেন।
সোমবারের দুপুর। বৃহস্পতিবার ভোট। অথচ তিলক ভবন খাঁ খাঁ করছে! কিশোরীলাল অফিস ঘরে বসে মোবাইল ফোনে রেকর্ড করা
অখিলেশ সিং যাদবের ভাষণ শুনছেন। ভাষণ শোনা শেষ হলে তাঁকে বললাম, রায়বেরিলির পাঁচ বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০০৭ সালে কংগ্রেস জিতেছিল চারটেয়, ২০১২ সালে একটাও নয়। সোনিয়া গান্ধীর নেতৃত্বের পক্ষে এটা কি জঘন্য বিজ্ঞাপন নয়?
কিশোরীলাল হুঁ-হ্যাঁ করতে করতে মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। পাশের জেলা আমেথিতে পাঁচটার মধ্যে মাত্র দুটোয় কংগ্রেস জিতেছিল। সেটাও অনুজ্জ্বল বিজ্ঞাপন। তবু কিশোরীরাল নড়েচড়ে বললেন, এবার দশে দশ হবে।
তা হয়তো হবে। আবার নাও হতে পারে। কিন্তু হলে তার কৃতিত্ব কার, আর না হলে সেটা কার ব্যর্থতা, তা নিয়ে বিতর্ক অবধারিত। কেননা, এই দুই কেন্দ্রে সেদিন পর্যন্ত যে দল কংগ্রেসের প্রতিপক্ষ ছিল, সেই সমাজবাদী পার্টি এবার কংগ্রেসের হাত ধরেছে। কিশোরীরাল জোট রাজনীতির এই পাটিগণিতকে গুরুত্ব দিলেও চোরা স্রোতের টান অস্বীকার করতে পারলেন না। আমেথি ও রায়বেরিলির দুই লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি চার আসনে নিজেদের মধ্যেও লড়াই করছে। সারা রাজ্যে এমন আসনের সংখ্যা দশ। কিশোরীলালের কথায় যা ‘ফ্রেন্ডলি ফাইট’।
লক্ষ্ণৌ আসা ইস্তক শোনা যাচ্ছে, সরকারিভাবে সংখ্যাটা দশ হলেও জোটের কপালে ভাঁজ ফেলার মতো বন্দোবস্ত করে ফেলেছেন অখিলেশ যাদবের কাকা শিবপাল। প্রথম তিন দফার এই যে কেন্দ্রগুলোয় ভোট হয়ে গেল, যা সমাজবাদীদের দুর্গ ছিল, সেখানে নাকি অন্তত এক শ গোঁজ প্রার্থী দিয়ে রেখেছেন শিবপাল। ভোট কাটাকুটির খেলা। অখিলেশ-রাহুল গান্ধীকে সেই চোরা স্রোত সহ্য করতে হচ্ছে।
লক্ষ্ণৌ থেকে যে ন্যাশনাল হাইওয়ে এলাহাবাদ পর্যন্ত চলে গেছে, সেটা রায়বেরিলি পর্যন্ত দুই লেনের। একেকটা লেন দিয়ে চারটি করে গাড়ি পাশাপশি যেতে পারে। রায়বেরিলির পর থেকে হাইওয়েটা সিঙ্গল। জায়গায় জায়গায় বেশ সরুও। আমেথি যাওয়ার রাস্তাগুলোও প্রশস্ত। কোথাও কোথাও ফ্লাইওভারের কাজও হচ্ছে। এসবই গান্ধী পরিবারের অবদান। কিন্তু এটাই নাকি স্থানীয় কংগ্রেসের পতনের কারণ।
বিষয়টা ব্যাখ্যা করলেন সত্যদেও ত্রিপাঠি। ইনি কংগ্রেসের বড় নেতা। বললেন, রায়বেরিলি ও আমেথি গান্ধী পরিবারের কল্যাণে মডেল জেলা হিসেবে গড়ে উঠেছিল। গত সাতাশ বছর ধরে রাজ্যে যে দলই ক্ষমতায় এসেছে তারা হিংসে করতে শুরু করে এই জেলাগুলোকে। উন্নয়নের কাজ তারা এখানে বন্ধ করে দিল। স্থানীয় নেতারা রাজ্য সরকারের কাছে হত্যে দিয়ে পড়ে থাকলেও কোনো লাভ হতো না। মানুষ ক্রমেই তাদের ওপর ভরসা করা ছেড়ে দিতে লাগল। বিজেপি নেতা লালজি ট্যান্ডন এই সুরেই বললেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় না আসার ফলে হলো কী, স্থানীয় নেতাদের মধ্যে একটা হতাশা জন্ম নিল। সেই হতাশা সংক্রমিত হলো ক্যাডারদের মধ্যে। রাজ্যের অন্য শাসক দলগুলো সেই হতাশাকে কাজে লাগিয়ে সমর্থন বাড়িয়ে নিল।
রায়বেরিলি-আমেথির জমিতে সোনা ফলে। সবুজ গম লকলকিয়ে উঠেছে। কাটার জন্য প্রায় তৈরি সর্ষে। এরই মাঝে মাঝে অড়হর ডালের খেত। এমন ফসল দেখে চাষির মন ভালো থাকার কথা। কিন্তু তাঁরা চিন্তিত। উঁচাহারের সম্পন্ন চাষি রামহরি মুন্সির চিন্তা গমের সহায়ক মূল্য নিয়ে। ‘কী পাব কী পাব না জানি না। ভোটের সময় সবাই যা বলে, ভোটের পরে তা ভুলে যায়।’ অখিলেশের হাত ধরাটা রামহরি মুন্সি মোটেই মেনে নিতে পারছেন না। তাঁর কথায়, ‘কংগ্রেস দু-চারটে আসন হয়তো বেশি পাবে। কিন্তু জোটে জট পাকালে রাজ্যে কংগ্রেসের যেটুকু আছে সেটুকুও যাবে।’ রামহরি মুন্সি তাচ্ছিল্যের সঙ্গে বিহারের তুলনাটা টানলেন।
এ রাজ্যে কংগ্রেসের যখন স্বর্ণযুগ ছিল, রায়বেরিলিতে তখন কংগ্রেসের মাথা উঁচু করে রেখেছিলেন অখিলেশ সিং। পুলিশ ও রাজনীতিকদের খাতায় তাঁর বিশেষণ ‘গুন্ডা’ হলেও রায়বেরিলি সদরের মানুষজনের কাছে তিনি ‘রবিনহুড’। ১৯৯৩ সাল থেকে সদরে টানা তিনিই জিতে আসছেন। প্রথম তিনবার কংগ্রেসের টিকিটে, পরের দুবার স্বতন্ত্র প্রার্থী। নিজের দমে যে দলটা তৈরি করেন, তার নাম ‘পিস পার্টি’। অখিলেশের বয়স হয়েছে। মেয়ে অদিতিও বড় হয়েছে। বিদেশে লেখাপড়া করা মেয়ে বাবার পাশে থেকে রাজনীতি শিখে কংগ্রেসে যোগ দিয়েছেন। অখিলেশও দল গুটিয়ে ফেলার অপেক্ষায়। মেয়েকে জেতানোটাই হবে তাঁর কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’।
একমাত্র এই আসনটি নিয়ে সোনিয়ার কোনো দুশ্চিন্তা নেই। বরং তাঁকে ঘিরেই দলের দুশ্চিন্তা। শরীর তাঁর এতটাই খারাপ যে একবারের জন্যও নিজের কেন্দ্রে প্রচারে আসতে পারলেন না। যাঁকে নিয়ে এত হইচই হলো, মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের সঙ্গে সভা করা নিয়ে এত জল্পনা হলো, পোস্টার-ব্যানারে রাজ্য ছেয়ে গেল, সেই প্রিয়াঙ্কা বুড়ি ছোঁয়ার মতো মাত্র এক বেলার জন্য রায়বেরিলি এলেন! রাহুলের কাঁধ এত চওড়া নয় যে কংগ্রেসকে একাই বইবেন।
অখিলেশ-সঙ্গ সাময়িক স্বস্তি দিলেও খাসতালুকে কংগ্রেসের অস্বস্তি ও দুশ্চিন্তা কিন্তু থেকেই গেল।