খুনি লিখলেন বই, পাচ্ছেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগরিক রাজ কুমার। খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়ে ইতিমধ্যে কারাগারে পার করেছেন ১১টি বছর। সাহিত্যে অবদানের জন্য এই রাজ কুমারকেই সম্মানিত করতে যাচ্ছে ভারতের উত্তর প্রদেশ (ইউপি) সরকার। কারাগারে থেকেই নয়টি বই লিখেছেন তিনি। অর্জন করেছেন বিভিন্ন পুরস্কারও। 

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ রাজ কুমারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, একজন গ্রাম প্রধানকে খুনের ঘটনায় জড়িত থাকার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাজ কুমারকে ২০০০ সালে কারাগারে পাঠান আদালত। কারাগারে বসেই তিনি স্বাধীনতা, দুর্নীতি এবং জীবনের লক্ষ্য অর্জনসহ বিভিন্ন বিষয়ে নয়টি বই লিখে অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার।
রাজ কুমার বলেন, ‘স্বামী বিবেকানন্দের মতো কিংবদন্তির কাছ থেকে আমি প্রেরণা পেয়েছি।’ লেখালেখি শুরু করার বিষয়ে তিনি বলেন, ‘কারাগারের পরিবেশ অনেক শান্ত। আমাকে কলম, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কারা কর্তৃপক্ষও অনেক সহায়তা করেছে।’
কারাগারে থাকা অবস্থায় ২০০৫ সালে রাজ কুমার প্রথম খবরের শিরোনাম হন তাঁরই সঙ্গে কারাগারে থাকা এক বন্দীর মেয়েকে বিয়ে করে। বই লেখা ছাড়াও যেসব বন্দী  শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক তাদের জন্য ক্লাসও নেন রাজ কুমার।
বই লেখা ছাড়াও ভারতের বিভিন্ন আদালতে বন্দী থাকা বৃদ্ধ এবং অসুস্থদের মুক্তির দাবিতেও কাজ করে যাচ্ছেন রাজ কুমার। তিনি বলেন, ‘মুক্তভাবে নিশ্বাস নেওয়াটা একটা আশীর্বাদের মতো। আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমি বৃদ্ধ এবং সংক্রামক ব্যাধিতে আক্রান্তদের মুক্তির জন্য যুদ্ধ করে যাব।’