‘খেলা হবে’ লিখলেই বাতিল পরীক্ষার উত্তরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে প্রচারমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে এ বছরের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল শনিবার থেকে। করোনার আবহের পর এবার নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য উদ্যোগী হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ইতিমধ্যে এ পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নির্দেশাবলিতে বলা হয়েছে, এবারের পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যদি কোনো অশোভন বাক্য লেখেন, ছবি আঁকেন, তবে ওইসব পরীক্ষার্থীর খাতা বা উত্তরপত্র বাতিল করা হবে। বিশেষ করে উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র বা খাতা বাতিল করা হবে।

এবারের পরীক্ষা হবে পরিচ্ছন্নভাবে। পরীক্ষাকেন্দ্র হবে পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে। এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী। পাশাপাশি এ বছর চারটি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষা। থাকছে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা।

এর আগের মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এই স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে ‘খেলা হবে’স্লোগানটি ব্যাপক প্রচার করে রাজ্যবাসীর মন জয় করে। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন।

বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা নিজের গাড়ির দরজায় আঘাত পেয়ে আহত হলেও সেই অবস্থায় হুইলচেয়ারে বসে প্রচার করতে গিয়েও তিনি ভুলে যাননি খেলা হবে স্লোগানটি। সেই স্লোগানটি শেষ পর্যন্ত মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার্থীরা তুলে ধরেছে তাদের পরীক্ষার উত্তরপত্রে।

‘খেলা হবে’ স্লোগানটি এই রাজ্যে এসেছে বাংলাদেশ থেকে। আর স্লোগানটির ব্যাপক প্রচার হয় এবারের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে। পরে উত্তর প্রদেশ, গোয়া, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনেও ওইসব রাজ্যের নেতারা তাঁদের নিজস্ব ভাষায় ‘খেলা হবে’স্লোগানটি দিয়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচার জমিয়ে দেন।