খোঁজ মেলেনি ভারতের নিখোঁজ বিমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএন-৩২ বিমান
ছবি: এএন-৩২ বিমান

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ভারতের নিখোঁজ এএন-৩২ বিমানটির। ২৯ জন আরোহী নিয়ে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) একটি সামরিক উড়োজাহাজ গতকাল শুক্রবার বঙ্গোপসাগরে নিখোঁজ হয়।
ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষীরা এএন-৩২ মডেলের উড়োজাহাজটির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালালেও এখনো কোনো সন্ধান পায়নি।
নৌবাহিনী ও কোস্টগার্ডের এক ডজনের বেশি জাহাজ নিখোঁজ বিমানটির সন্ধানে বঙ্গোপসাগরে খোঁজ চালাচ্ছে। একটি সাবমেরিনকেও একাজে লাগিয়েছে ভারত সরকার। গতকাল রাতেও অভিযান চালানো হয়।
চেন্নাইয়ের কাছের তাম্বারাম বিমানঘাঁটি থেকে গতকাল সকাল আটটার কিছু পর উড়ে যায় উড়োজাহাজটি। বেলা ১১টা ২০ মিনিটের দিকে এর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ওড়ার ১৫ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আরোহীদের মধ্যে বিমানবাহিনীর ১১, সেনাবাহিনীর ২ এবং নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর একজন করে সদস্য ছিলেন। এ ছাড়া ছিলেন ছয়জন ক্রু সদস্য এবং আটজন পরিবারের সদস্য বা অন্য বেসামরিক লোক।
বিমানটি থেকে শেষ বার্তা আসে এর উড্ডয়নের প্রায় ১৬ মিনিট পর। পাইলট তখন বলেন, সব ঠিক আছে। একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি আকস্মিকভাবে ২৩ হাজার ফুট উচ্চতা থেকে অনেকটা নেমে গিয়ে থাকতে পারে। বিমানটিতে জরুরি অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি আছে। বিমান বিধস্ত হলে সেটি সক্রিয় হওয়ার কথা। নৌবাহিনীর সাবমেরিন পানির নিচে সে সংকেত খুঁজবে। নৌবাহিনী থেকে পাঁচটি নজরদারি বিমানও কাজে লাগানো হয়।

ভারতের বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি এএন-৩২ বিমানের সংখ্যা ১০০টিরও বেশি। এ বিমানগুলো জরুরি অবস্থায় বা প্রতিকূল আবহাওয়াতে রিজার্ভ জ্বালানিতে চার ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ভারতের বিমানবাহিনীর একজন কর্মকর্তা বলেন, এই বিমানগুলো যথেষ্ট শক্তিশালী। সে বিবেচনায় এগুলো পাহাড় ও মরুভূমি অঞ্চলে জরুরি সাহায্য পাঠাতে ব্যবহার করা হয়। সূত্র: এনডিটিভি