মাত্র দুদিন আগে ভারতের মুসলমানদের ভোটাধিকার বাতিল করার সুপারিশ করেছিলেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার একজন নেতা। এবার খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করার পরামর্শ দিল তারা। দলটির মুখপত্র সামনায় গতকাল বুধবার প্রকাশিত এক সম্পাদকীয়তে এ আহ্বান জানানো হয়। খবর এনডিটিভির।
শিবসেনা বন্ধ্যাকরণের বিরোধী। কয়েক দিন আগে হিন্দু ডানপন্থী সংগঠন হিন্দু মহাসভার নেত্রী সাধ্বী দেবী ঠাকুর জোর করে ভারতের খ্রিষ্টান ও মুসলমানদের বন্ধ্যা করে দেওয়ার প্রস্তাব করেছিলেন। এই দুই সম্প্রদায়ের মানুষ যাতে তাদের সংখ্যা বাড়াতে না পারে, এর জন্যই তাঁর এ প্রস্তাব ছিল। তবে সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, ‘বন্ধ্যাকরণ শব্দটি ব্যবহার করা তাঁর (সাধ্বী) ঠিক হয়নি। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ একই বিষয়।’
‘সুখী ও স্বাস্থ্যসম্মত’ জীবনযাপনের জন্যই মুসলিমদের পরিবার ছোট করা উচিত বলে মন্তব্য করা হয় সম্পাদকীয়তে। বলা হয়, পরিকল্পিত পরিবার হলে মুসলমানরা তাদের সন্তানদের ভালোমতো খেতে, পরতে এবং শিক্ষার সুযোগ দিতে পারবে। শিশুদের উন্নত জীবনযাপন নিশ্চিত হবে।
ভারতের মুসলমানরা গরিব বলে তাদের বংশবৃদ্ধি হয় বেশি—সমাজবাদী পার্টির নেতা আজম খানের এ সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করা হয় সম্পাদকীয়তে। এতে বলা হয়, ‘বন্ধ্যাকরণ’ ও ‘পরিবার পরিকল্পনা’ এই দুই শব্দের মাধ্যমে অযথাই বিতর্ক তৈরি করা হচ্ছে। কিছুই যদি না করা যায়, তবে মুসলমান নেতারা অন্তত তাদের সাম্প্রদায়িক ধারণার বন্ধ্যাকরণ করুন। এতে দেশটা বাঁচবে।’
সামনার সম্পাদকীয়তে বলা হয়, ভারত জনসংখ্যা সমস্যায় ভুগছে। এ দেশের মুসলিম জনসংখ্যা পাকিস্তান বা ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যেতে চলেছে। এর প্রভাব পড়তে পারে হিন্দু জাতিসত্তার সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর ওপর। এভাবে ভারতে যদি মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, তবে দেশটিতে একটি ‘নতুন পাকিস্তান’ গড়ে উঠবে।
মুসলমান সম্প্রদায়কে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে উৎসাহিত করতে শিবসেনা মুসলিম নেতাদের আহ্বান জানায়। এসব মুসলিম নেতার মধ্যে আছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি।