গঙ্গার শোধন কৌশলের সমালোচনায় সুপ্রিম কোর্ট
গঙ্গার পানি শোধনে যে কৌশল নেওয়া হয়েছে, ভারতের সুপ্রিম কোর্টকে তা মোটেও সন্তুষ্ট করতে পারেনি। গৃহীত পরিকল্পনার সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘আপনাদের কর্মপরিকল্পনা দেখে মনে হচ্ছে, ২০০ বছরেও গঙ্গা পরিষ্কার হবে না।’
আজ বুধবার এনডিটিভির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নদীটি শোধনে ধাপে ধাপে কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তিন সপ্তাহের মধ্যে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির আদালত বলেন, ‘আপনাদের কর্মপরিকল্পনা দেখে মনে হচ্ছে, ২০০ বছর পরও গঙ্গা পরিষ্কার হবে না। আপনাদের এমন উদ্যোগ নেওয়া উচিত, যাতে গঙ্গা তার অতীত ঐতিহ্য ফিরে পায় এবং আগামী প্রজন্ম তা দেখতে পারে। আমরা এটি দেখে যেতে পারব কি না, জানি না।’
২ হাজার ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি পরিষ্কার করার পরিকল্পনা খুবই ‘আমলাতান্ত্রিক’ বলে আদালত মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট বলেন, ‘আমরা কমিটির খুঁটিনাটি বিষয় নিয়ে জানতে চাই না। বরং আমরা জানতে চাই, একজন সাধারণ মানুষ কীভাবে গঙ্গা শোধন পরিকল্পনার ব্যাপারে জানতে-বুঝতে পারবেন।’
ভারতীয়দের কাছে পবিত্র নদী হিসেবে পরিচিত গঙ্গার শোধনে নির্বাচনের আগে থেকেই সোচ্চার বিজেপির নেতা নরেন্দ্র মোদি। এটি তাঁর দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গঙ্গার শোধনে মাঠে নামে। এ বছরের শেষের দিকে কাজটি বাস্তবায়নের জন্য পেশাদারি দলকে যুক্ত করা হবে বলে পরিকল্পনার দলিলে উল্লেখ করা হয়েছে।