গঙ্গায় বড় ইলিশ পাওয়ার আশা জেলেদের
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে গঙ্গা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন পশ্চিমবঙ্গের জেলেরা। রাজ্যটিতে চলছে সাগরের ইলিশের খরা। ফলে গঙ্গার ইলিশ দিয়ে চাহিদা মেটাতে অপেক্ষা করছেন তাঁরা।
জেলেরা ধারণা করছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাশ দিয়ে বহমান গঙ্গায় আগস্টের মাঝামাঝি সময়ে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ মিলবে। জেলার লালগোলা, ফারাক্কা, জলঙ্গি, সামসেরগঞ্জ, সূতি এলাকার জেলেরা এই ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই তাঁরা মাছ ধরার নৌকা ও ট্রলার তৈরি রেখেছেন।
সামসেরগঞ্জের মৎস্যজীবী শিবরাম হালদার বলেন, ‘শিগগিরই গঙ্গায় শুরু হচ্ছে ইলিশ মৌসুম। আমরাও মুখিয়ে আছি মুর্শিদাবাদের গঙ্গা থেকে ইলিশ ধরার জন্য।’
১৫ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমুদ্রে ইলিশ ধরার ওপর ২ মাস নিষেধাজ্ঞা ছিল। গত ১৪ জুন রাতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ওই রাত থেকেই সমুদ্রে ইলিশ ধরার জন্য পাড়ি জমান দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ সমুদ্র উপকূলবর্তী এলাকার জেলেরা। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৮ থেকে ৯ হাজার মাছ ধরা ট্রলার রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
তবে সাগরের বৈরী আবহাওয়ার কারণে সুবিধা করে উঠতে পারেননি তাঁরা। মেলেনি বড় আকারে ইলিশও। জেলেদের ফিরতে হয় ছোট ইলিশ নিয়ে। অপর দিকে এখন বর্ষার মৌসুমে আবহাওয়া খারাপ হওয়ায় সাগরেও সেভাবে যেতে পারছেন না তাঁরা।
এদিকে খরচ পুষিয়ে নিতে জেলেরা সাগর থেকে ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ এনে গোপনে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এমন আকারের ইলিশ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। এ নিয়ে গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি বলেছেন, ‘ছোট ইলিশ ধরার ওপর এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। কেউ ছোট ইলিশ ধরলে তাদের ট্রলারের লাইসেন্স বাতিল করা হবে।’
আজ শনিবার সকালে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস প্রথম আলোকে বলেছেন, ‘ধারণা ছিল রথযাত্রার পর আমাদের জালে ধরা দেবে ইলিশ। কিন্তু এখনো সেভাবে ধরা দিচ্ছে না, যা ধরা দিচ্ছে তা অত্যন্ত ছোট আকৃতির। এই ইলিশ ধরার ওপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখনো সমুদ্রে অনেক মৎস্যজীবী ছোট আকারের ইলিশ ধরছেন।’