গজলডোবার ১৫ স্লুইসগেট খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গজলডোবা স্লুইসগেট দিয়ে প্রবল স্রোতে পানি আসছে। ছবি: ভাস্কর মুখার্জি
গজলডোবা স্লুইসগেট দিয়ে প্রবল স্রোতে পানি আসছে। ছবি: ভাস্কর মুখার্জি

এ বছরের এপ্রিল মাসে যখন তিস্তা নদীর অবস্থা দেখতে জলপাইগুড়ি এসেছিলাম, তখন গজলডোবা বাঁধে এক দিকে পানি ছিল। গজলডোবা থেকে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাতে হয় বাংলাদেশের সীমানা পর্যন্ত। তিস্তার এই দীর্ঘ পথে তখন পানি ছিল কম, আবার চরও ছিল।

সেই চিত্র এবার পাল্টে গেছে। গজলডোবায় অথই পানি। বাঁধের দুদিকেই পানি। আর এই পানিতে সেদিনের বাঁধের চরের অংশও আজ ভরে গেছে। চর নেই। মনে হয় বিশাল তিস্তা নদী। আজ অন্তত ১৫টি স্লুইসগেট থেকে ছেড়ে দেওয়া হয়েছে পানি। গজলডোবা বাঁধে রয়েছে ৪৫টি স্লুইসগেট।

আজ বুধবার সকালে যখন আমরা গজলডোবায় পা রাখলাম, তখন শুধু কানে ভেসে আসছিল স্লুইসগেট থেকে পানি পড়ার শব্দ। সে এক অপূর্ব শব্দ। সেই পানি ফেনিল হয়ে গোটা এলাকা মেঘাচ্ছন করে ফেলছে। পাহাড়ি আর বৃষ্টির পানির যৌথ চাপে গজলডোবা নতুন এক রূপ পেয়েছে। বর্ষায় প্লাবিত হয়েছে গজলডোবার অনেক গ্রাম।

আজ কথা হয় গণেশ চন্দ্র মজুমদারের সঙ্গে। শিলিগুড়ি থাকেন। পাশের গ্রামে আদিবাস। বলেন, গজলডোবায় পানি ছাড়ায় প্লাবিত হয়ে পড়েছে বহু গ্রাম। মিলনপল্লি গ্রামে এই তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে বহু জমি। তিনি আরও বলেন, এই একই চিত্র টাকিমারি, বদাগঞ্জ, রংদামালি, কালিয়াগঞ্জ, পাহাড়পুর গ্রামেও। গণেশ মজুমদা জানান, তিস্তাপাড়ের দোমোহনি, কাছারিঘাট, বার্নিশ, মঙ্গলঘাট, মেখলিগঞ্জ, হলদিবাড়ি পর্যন্ত প্লাবিত হয়ে গেছে।

জলপাইগুড়ি জেলায় অবস্থিত এই গজলডোবা। এখানেই গড়া হয়েছে ভারতীয় অংশের তিস্তায় সর্ববৃহৎ বাঁধ। প্রায় এক কিলোমিটারব্যাপী। দার্জিলিং জেলার সেবক থেকে সিকিমের সিমথন পর্যন্ত তিস্তা নদীতে রয়েছে অন্তত পাঁচটি বাঁধ। তিস্তা নদীর উৎপত্তিও হয়েছে ভারতের সিকিম রাজ্য থেকে।

তিস্তার পানি গিয়ে পড়ছে মহানন্দায়। সেখানেও অবশ্য তৈরি হয়েছে আরেকটি বাঁধ। মহানন্দা বাঁধ। এটির অবস্থান জলপাইগুড়ি জেলার ফুলবাড়ীতে। সেখানেও গিয়ে দেখা গেছে, পানির চাপে সেই বাঁধও খুলে রাখা হয়েছে। ফলে এখন পানি বাড়ছে গোটা তিস্তায়।