গণধর্ষণের অভিযোগে উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী গ্রেপ্তার
গণধর্ষণে অভিযুক্ত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাবেক মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে আজ বুধবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে মন্ত্রীর দুই ছেলেসহ তিনজন। বিজেপি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ার পর ক্ষমতা গ্রহণের আগেই গ্রেপ্তার হলেন অভিযুক্ত মন্ত্রী। উত্তর প্রদেশের পুলিশের মহানির্দেশক জাভিদ আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এর আগে সপ্তাহ খানেক আগে ওই মন্ত্রী কীভাবে মন্ত্রিসভায় থাকতে পারেন, তা জানতে চেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে চিঠিও দিয়েছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল বা গভর্নর রাম নায়েক। বিজেপিও ওই সময় ঘোষণা দিয়েছিল, তাদের দলÿক্ষমতায় এলে গ্রেপ্তার করা হবে ওই মন্ত্রীকে।
২০১৪ সালে উত্তর প্রদেশের বুন্দেলখন্ডের এক নারী অভিযোগ করেন, মন্ত্রী গায়ত্রী প্রজাপতি তাঁর ছয় সঙ্গীকে নিয়ে তাঁকে ধর্ষণ করে। এমনকি তাঁর ১৬ বছরের মেয়েকেও শ্লীলতাহানি করেন। এ নিয়ে পৃথক মামলা হয়।
এ ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তর প্রদেশ পুলিশ ওই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। কিন্তু মন্ত্রী আইনের জালে ধরা না দিয়ে আত্মগোপন করেন। অভিযোগ রয়েছে, ওই মন্ত্রী মুলায়ম সিং যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এ ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের ছেলে অখিলেশ যাদব। এদিকে ওই মন্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, এ আশঙ্কায় তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিশ জারি করা হয়।
এ ঘটনার পর বিজেপির উত্তর প্রদেশ শাখার সভাপতি কেশব প্রসাদ মৌর্য্য ঘোষণা করেছিলেন, ১১ মার্চ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর বিজেপিই ওই মন্ত্রীকে গ্রেপ্তার করবে।