গণধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোদিকে সাবেক আমলাদের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ছবি
>
  • কাঠুয়া ও উন্নাওয়ের গণধর্ষণের মামলার জরুরি বিচারের তাগিদ ভারতের সাবেক আমলাদের
  • খোলা চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে অরাজকতা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ
  • সভ্যতার মূল্যবোধের মৃত্যুতে ভারতের সাবেক সরকারি কর্মকর্তাদের উদ্বেগ

সম্প্রতি ভারতের জম্মুর কাঠুয়া ও উত্তর প্রদেশের উন্নাওয়ে গণধর্ষণের ঘটনায় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী মোদিকে খোলা চিঠি দিয়েছেন দেশটির একদল সাবেক আমলা। সাবেক আমলা অমিতাভ পান্ডে ওই চিঠি তাঁর ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন। চিঠির বিষয়ে পান্ডে বলেছেন, সাবেক আমলাদের দলটির সঙ্গে রাজনৈতিক দলের কোনো যোগসূত্র কিংবা রাজনৈতিক মতাদর্শের কোনো মিল নেই। ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও উদার মূল্যবোধের অবক্ষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিটি লেখা হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় অবর্ণনীয় ভীতিকর একটি বিষয় উঠে এসেছে যা, সরকার তার মূল দায়িত্ব পালনে ব৵র্থ হয়েছে, সেটিই তুলে ধরে। চিঠির একটি অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডানপন্থীদের কঠোর সমালোচনা করা হয়েছে। এ অস্তিত্ব সংকটের মুখে মোদিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালত-নির্দেশিত বিশেষ তদন্ত দল গঠন ও দ্রুত দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।

চিঠিটি শুরু হয়েছে মোদিকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করে। এরপর চিঠির লেখার উদ্দেশ্য ও লেখকদের পরিচয় দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আমরা অবসরপ্রাপ্ত আমলাদের একটি অংশ। যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ আমাদের সংবিধানে সুরক্ষিত, তার অবক্ষয় দেখে গত বছরও আমরা একযোগে উদ্বেগ জানিয়েছিলাম। বর্তমান শাসক নিজের কৌশলে ঘৃণা, ভয়, নৃশংসতার যে আবহাওয়া সৃষ্টি করেছে, তার প্রতিবাদে অন্য বিরোধী স্বরগুলোকে একজোট করার উদ্দেশ্যেই আমরা তা করেছিলাম। আমরা তখনো মুখ খুলেছিলাম, এখনো মুখ খুলছি: এমন কিছু নাগরিক হিসেবে, সাংবিধানিক মূল্যবোধ ছাড়া আর কোনো রাজনৈতিক দল বা আদর্শের প্রতি যাদের আনুগত্য নেই।’

সরকারের প্রতি হতাশা ব্যক্ত করে চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আশা করেছিলাম, সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়া একজন হিসেবে আপনি, আপনার নেতৃত্বাধীন সরকার এবং আপনার দল এই উদ্বেগজনক অবক্ষয় দেখে নড়েচড়ে বসবে। এ সংক্রমণকে রুখে সবাইকে, বিশেষত সমাজের সংখ্যালঘু ও দুর্বল মানুষদের নতুন করে আশ্বাস দিয়ে বলবে যে তাদের জীবন ও স্বাধীনতার কোনো ভয় নেই। আমাদের সেই আশা ভেঙে চুরমার হয়ে গেছে। পরিবর্তে, কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার অবর্ণনীয় ভয়াবহতা দেখিয়ে দিয়েছে। মানুষের অর্পণ করা ন্যূনতম দায়িত্ব পালনেও সরকার ব্যর্থ হয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে চিঠিটিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী, আমরা চিঠি লিখছি শুধু আমাদের এসব লজ্জাবোধকে প্রকাশ করতে নয়। সভ্যতার মূল্যবোধের মৃত্যু ঘটতে দেখে আমাদের শোক-যন্ত্রণা বা ক্ষোভ জানানোর জন্যও নয়। এই চিঠি আমাদের ক্রোধের বহিঃপ্রকাশ।’

এরপর চিঠিটিতে ভারতের জম্মু ও উত্তর প্রদেশের পরিস্থিতি বর্ণনা ও সেখানকার সাম্প্রতিক ঘটনার জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। গণধর্ষণের দুটি ঘটনার জের ধরে ‘অস্তিত্বের সংকট’ তৈরি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মূল্যবোধ, সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারের জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

পদক্ষেপ হিসেবে সরকারের পক্ষ থেকে উন্নাও এবং কাঠুয়ায় নির্যাতনের শিকার নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার এবং সবার হয়ে ক্ষমা চেয়ে নিতে বলা হয়েছে। এ ছাড়া কাঠুয়ায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের ব্যবস্থা করার পাশাপাশি আদালতকে বিশেষ তদন্ত দল তৈরির অনুরোধ জানানো হয়েছে। ঘৃণা ছড়ানো বা ঘৃণিত বক্তব্য দেওয়া ব্যক্তিদের সরকার থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিটিতে। এ ছাড়া সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক উপায়ে এ ধরনের ঘৃণিত অপরাধগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানানো হয়েছে। নৈরাজ্য বন্ধ করার আহ্বান জানিয়ে ওই চিঠি শেষ করা হয়েছে।